শরতের স্নিগ্ধ আলো আর উৎসবের আমেজে সাতক্ষীরায় শুরু হলো শতবর্ষের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা
নিজস্ব প্রতিনিধি: হেমন্তের আগমনী বার্তার মুখসন্ধানে, শরতের শুভ্র কাশবনের দোলা আর হিমেল হাওয়ার পরশ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসেছে মিলনমেলা। বর্ণিল ফিতা কেটে এবং আকাশে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শরতের এই আনন্দ আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণ সেজেছে উৎসবের পোশাকে। স্থান পেয়েছে প্রায় দেড় শতাধিক মনোহরি পণ্যের স্টল, চিরায়ত বাংলার বাঁশ ও বেতের শিল্পকর্ম, লৌহজাত দ্রব্যাদি এবং ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। শিশুদের আনন্দের রঙ বাড়াতে মেলায় চড়েছে নাগরদোলা, পুতুল নাচ ও ট্রেনগাড়ি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, লোকজ সংস্কৃতির এই উৎসব চলবে আগামী ২০ দিন।
উৎসবের আনন্দকে নিষ্কণ্টক রাখতে প্রশাসন গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চাঁদাবাজি ও জুয়া বন্ধে পুরো মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। সার্বক্ষণিক নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।









