শিশুশ্রম: সামাজিক ব্যাধি না-কি পারিবারিক আর্থিক সংকটের প্রতিফলন?
সাকিবুর রহমান বাবলা
১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। পৃথিবীর প্রতিটি শিশুর মেধা ও শারীরিক বিকাশের জন্য হাতে বই-খাতা, রঙ-তুলি কিংবা খেলনা থাকার কথা। কিন্তু বাস্তবতার কঠিন চাপে অনেক শিশুর হাতেই আজ কাজের সরঞ্জাম। প্রশ্ন হলো-শিশুশ্রম কি শুধুই একটি সামাজিক সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে পারিবারিক আর্থিক সংকটের নির্মম বাস্তবতা?
আর্থিক দারিদ্র্য, বিনামূল্যে মানসম্মত শিক্ষার অভাব, পারিবারিক সচেতনতার ঘাটতি এবং সামাজিক নিরাপত্তার সীমাবদ্ধতা শিশুশ্রমের প্রধান কারণ। সাতক্ষীরার মতো উপকূলীয় জেলায় প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের অনিশ্চয়তা, ভারত সীমান্তবর্তী অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং নি¤œ আয়ের কারণে অনেক পরিবার সন্তানদের শ্রমে যুক্ত করতে বাধ্য হয়। অন্যদিকে, স্বল্প খরচে শ্রম পাওয়ার সুযোগ থাকায় মালিকপক্ষও শিশুদের কাজে আগ্রহী হয়। ফলে শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে, যা তাদের শারীরিক গঠন ও মৌলিক শিক্ষার ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
শিশুশ্রম নিরোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা। একই সঙ্গে, দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আয়বর্ধক কর্মসূচি নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, যুগোপযোগী ও সম্প্রসারিত শ্রম আইন প্রণয়ন, সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবন বিকাশের পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি, সুশীল সমাজের দায়িত্ব হলো শিশুশ্রমকে স্বাভাবিক হিসেবে না দেখা, শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
শিশু কোনো শ্রমিক নয়; তারা এক একটি সম্ভাবনা, একটি স্বপ্ন, আগামীর আলোকিত ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর। তাই শিশুশ্রমমুক্ত সাতক্ষীরা জেলা তথা শিশুবান্ধব বাংলাদেশ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।



