বাংলাদেশ ফুটবলে আজ ছুটির দিনটি ছিল মামুনুল ইসলামের। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার তার বিদায়ের দিনটি জয়ে রাঙিয়েছে ফর্টিস এফসি। রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে তারা। মামুনুলের বিদায়ের দিনে জয় দেখেছে আবাহনী লিমিটেডও।
আগের দিনই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল। ফলে তার বিদায়ের ক্ষণটা মনে রাখার জন্য সব চেষ্টা করেছে ফর্টিস। তবে ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজমের ধাক্কা খেতে হয় তাদের। জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। যদিও অগ্রগামিতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একাদশ মিনিটে ওনিয়েকাচি ওকাফোরের গোল ফর্টিসকে সমতায় ফেরায়।
২০ মিনিটে কোয়াডো অ্যান্ড্রু রহমতগঞ্জকে ফের এগিয়ে নেন। দুই মিনিট পরই পা ওমার বাবুর গোলে ঘুরে দাঁড়ায় ফর্টিস। আর ম্যাচের ২২ মিনিট পার হতেই মামুনুল ইসলামকে তুলে নেন কোচ। এই সময় সতীর্থ-প্রতিপক্ষের গার্ড অব অনারও পান তিনি।
বিরতির পর আবারও এগিয়ে যায় ফর্টিস। গোল করেন ওমার। পরে ৩-২ স্কোরলাইন রেখেই অষ্টম জয় তুলে নেয় তারা। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফর্টিস।
এদিকে, ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে শীর্ষস্থানে থাকা বসুন্ধরা কিংসের আরও কাছে চলে এসেছে ঐতিহ্যবাহী আবাহনী। সমান ১৫ ম্যাচে আকাশী-নীলদের বর্তমান সংগ্রহ ৩১ পয়েন্ট। বসুন্ধরা কিংসের ৩৪। তৃতীয়স্থানে থাকা ফর্টিসের সংগ্রহ ২৮। পুলিশের ২২ এবং রহমগতগঞ্জের পয়েন্ট ১৯।
তলানির দল ফকিরেরপুল রক্ষণ জমাট করে খেলেছে। তাতেও লাভ হয়নি অবশ্য। ৩৯ মিনিটে এমেকা ওগবাহ এনে দেন আবাহনীর প্রথম গোল। ৬৮ মিনিটে শেখ মোরসালিন ব্যবধান দ্বিগুণ করেন। অন্য ম্যাচে পিডাব্লিউডিকে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে পুলিশ।