শ্যামনগরে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১৯ জুন (শুক্রবার) একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভেকু (খননযন্ত্র) দিয়ে স্বাস্থ্য কেন্দ্রের সীমানা ঘেঁষে খননকাজ চালায়। এতে কেন্দ্রের ভেতরে থাকা ৪টি খেজুর গাছ, ২টি সিরিসফুল গাছ ও ১টি তালগাছসহ প্রায় ২০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস জানান, মূল রাস্তাটি ছিল পশ্চিম পাশে পুকুরের কোল ঘেঁষে। পুকুরটি ভেঙে যাওয়ায় মানুষ যাতায়াতের সুবিধার্থে ক্লিনিকের জায়গা ব্যবহার শুরু করে। সেই সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মূল নকশা বাদ দিয়ে ক্লিনিকের জায়গায় খননকাজ শুরু করেছে।
মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রীবাস মন্ডল জানান, ঠিকাদারকে আগেই সীমানা বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা অমান্য করে পরিবার পরিকল্পনা কেন্দ্রের পাশ দিয়ে ড্রেন তৈরি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলেখালি গ্রামের ইউপি সদস্য দেবাশিষ গায়েন বলেন, ছুটির দিনে কাজ করার কারণে এই ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সঠিক জায়গায় কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি।
শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামাল হোসেন বলেন, “রাস্তা নির্মাণের জন্য নির্দিষ্ট জায়গা থাকতে পরিবার পরিকল্পনার জায়গায় কাজ হবে কেন? বর্তমানে কাজ বন্ধ আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।”
উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ছুটির দিনে শ্রমিকরা কাজটি করে ফেলেছিল। অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে সবার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।






