শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ষষ্ঠ শ্রেণিতে উঠেও দিতে হচ্ছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
ষষ্ঠ শ্রেণিতে উঠেও দিতে হচ্ছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ষষ্ঠ শ্রেণির পড়াশোনা সামলাবেন, নাকি নতুন করে পঞ্চম শ্রেণির পাঠ্যবই খুলবেনÑএমনই এক দোটানায় পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী। আইনি জটিলতায় গত বছর স্থগিত হওয়া ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ফলে বর্তমান ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ওপর দ্বিমুখী পড়াশোনার চাপ তৈরি হয়েছে।
গত বছর যারা পঞ্চম শ্রেণিতে ছিল, তারা বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। শিক্ষা বর্ষের মাঝামাঝি এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আগামী ১৫ এপ্রিল থেকে চার দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণিতে পড়ছে, তাদের অনেকের কাছেই এখন পঞ্চম শ্রেণির বই বা নোট খাতা সংরক্ষিত নেই। হঠাৎ এই পরীক্ষার ঘোষণায় নতুন করে পুরনো ক্লাসের বই জোগাড় করে প্রস্তুতি নিতে হচ্ছে তাদের।
শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আলিফ হোসেন ও ছাত্রী তিসা জানায়, তারা গত বছর হায়নাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বৃত্তির জন্য মনোনীত হয়েছিল। এখন তাদের একই সঙ্গে ষষ্ঠ শ্রেণির পড়াশোনা করতে হচ্ছে, আবার পঞ্চম শ্রেণির প্রস্তুতির জন্য পুরনো স্কুলেও যেতে হচ্ছে। সামনে ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা থাকায় চাপ আরও বেড়েছে।
অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীরা মানসিকভাবে চরম চাপে রয়েছে। একদিকে মাধ্যমিকের নতুন কারিকুলাম ও পড়াশোনা, অন্যদিকে হুট করে আসা এই বৃত্তি পরীক্ষা তাদের স্বাভাবিক শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক শিক্ষার্থীকে এখন একই দিনে প্রাথমিক ও মাধ্যমিক—উভয় স্কুলেই দৌড়ঝাঁপ করতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে। শ্যামনগর উপজেলায় মোট ১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ১ হাজার ১১৩ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৪৩ জন পরীক্ষার্থী রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “আইনি জটিলতার কারণে ২০২৫ সালের পরীক্ষাটি স্থগিত ছিল। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে।”
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষার এই দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের শিখন ফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের পরীক্ষার ক্ষেত্রে আরও পরিকল্পিত সময়সূচির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ads small one

প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

এ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা প্রার্থীর ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মোটরসাইকেলসহ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে মোটরসাইকেলের বহরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী।

বক্তব্যে গাজী মোস্তফা কামাল বলেন, স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন—সব ক্ষেত্রেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী বলেন, “আজকের এই শোভাযাত্রা ব্যক্তিগত স্বার্থে নয়; বরং ইসলামী আন্দোলন ও সাংগঠনিক স্বার্থে। জামায়াতে ইসলামী আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। প্রতাপনগর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা আল আমিন, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তারসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রার্থীর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসার আরবি প্রভাষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ধানখেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমাতুল্লাহ প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার একমাত্র ছেলে। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরের সাহায্যে ধানখেতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিনিধি: ঋতু পরিবর্তনের বারতায় মৃদু হাওয়ায় যখন চারপাশের রূপ বদলে যায়, তখনই মাটির টানে যেন জেগে ওঠে মানুষের সুকোমল মন। প্রকৃতির সেই অপার সৌন্দর্য, রূপ ও ছন্দকে জীবনের পরম পাথেয় করে সাতক্ষীরায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী প্রীতি মিলনমেলা। ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’—এই মর্মবাণীকে অন্তরে ধারণ করে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা’-র সাধারণ সভা।

ঋতুর ঘূর্ণাবর্তে রূপসী বাংলা একেক সময় একেক নতুন সাজে ধরা দেয়। কখনো বর্ষার অবিরল জলধারা ধুয়ে দেয় শ্রান্তি, কখনো শরতের শুভ্র কাশফুল ও মেঘমুক্ত নীল আকাশ মনে করিয়ে দেয় পরম বিশুদ্ধতার কথা। প্রকৃতির এই চিরন্তন নিয়মের সঙ্গেই যেন একাকার হয়ে উঠেছিল ক্লাব সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি।

সবুজে ঘেরা বনাঞ্চল ও জলরাশিবেষ্টিত সুন্দরবনের উপকূলীয় এই জনপদের প্রকৃতি বাঁচানোর এক সুকোমল আকুতি ধ্বনিত হয়েছে অনুষ্ঠানে। সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচালনায় এই সভা কেবল এক প্রাতিষ্ঠানিক আয়োজন হয়ে থাকেনি; বরং তা হয়ে উঠেছিল পরিবেশ রক্ষা, সুষম জীবনযাপন এবং ঋতুভিত্তিক প্রাকৃতিক সামঞ্জস্য রক্ষার এক অনন্য অঙ্গীকারনামা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীই একমাত্র প্রাণের ভালোবাসার ঘর। তাই এর পরিবেশ ও প্রকৃতিকে আগলে রাখার দায়িত্বও আমাদের। হৃদয়ের মমতা ও সংবেদনশীলতা দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে হবে। সুন্দরবন আমাদের ফুসফুস; একে রক্ষায় আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি নদ-নদী রক্ষা, দূষণ প্রতিরোধ এবং নিয়মিত বৃক্ষরোপণ করে তার যত্ন নিতে হবে।

সংগঠনের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, ডাক্তার সুশান্ত কুমার ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, শেখ সিদ্দিকুর রহমান, মাধব চন্দ্র দত্ত, আলী নূর খান বাবুল; সহসভাপতি জ্যোৎস্না দত্ত, প্রবীর চন্দ্র দত্ত, সত্যপ্রকাশ দত্ত; কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ; সদস্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজবাবু, শেখ হারুন উর রশিদ, এসএম শহীদুল ইসলাম, অধ্যাপক পাল শুভাশীষ, নাজমুল হক, উম্মে ফুয়ারা, এসএম হাবিবুল হাসান, জিএম আমিনুল হক, মোস্তাকিম হোসেন, গাজী আসাদ, সালাউদ্দীন রানা, মিলন বিশ্বাস, হাবিবুর রহমান সোহাগ, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, মোঃ আব্দুর রহিম, সুধাংশু কুমার রাহা, জাহিদ হাসান, মোঃ ওলিউর রহমান, তানজির আহমেদ, গাজী মাহিদা মিজান, ফাহিম হাসনাত ইমন, মেহেদী হাসান (শিমুল), মো. হোসেন আলী ও সাখাওয়াতউল্যাহ।

প্রকৃতির স্নিগ্ধতা রক্ষা ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে নানামুখী কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হয়। তা হলো— বৃক্ষরোপণ কর্মসূচি: আগামী জুন-জুলাই মাসে উপযুক্ত স্থান নির্বাচন করে প্রতিটি শাখা অন্তত ৩০০টি (১০০টি ফলদ, ১০০টি বনজ ও ১০০টি ঔষধি) চারা রোপণ করবে। সফলতম ৩টি শাখাকে কেন্দ্রীয়ভাবে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সদস্যরা বছরজুড়ে ব্যক্তিগত পর্যায় থেকেও বৃক্ষরোপণ চালিয়ে যাবেন।

ভিডিওচিত্র ও আলোকচিত্র প্রতিযোগিতা: পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু বিষয়ে ২-৩ মিনিটের ভিডিওচিত্র এবং স্থিরচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে। নির্বাচিত সেরা চিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

‘প্রকৃতিবার্তা’ ও প্রকাশনা: সদস্যদের পরিবেশবিষয়ক সেরা লেখা ও ছবি ‘প্রকৃতিবার্তা’ ম্যাগাজিনে স্থান পাবে। পাশাপাশি শাখাগুলো নিজস্ব উদ্যোগেও প্রকাশনা বের করতে পারবে।

স্কুলপর্যায়ে বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ: পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক, প্রাথমিকে চিত্রাঙ্কন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান: শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতি মাসে নদী তীর, পার্ক, সড়ক, বনাঞ্চল, শহীদ মিনার ও পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

পাঠচক্র ও পাঠাগার স্থাপন: প্রকৃতিবিষয়ক বই নিয়ে নিয়মিত মাসভিত্তিক পাঠচক্রের আয়োজন এবং স্থানীয়ভাবে পাঠাগার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

দিবস পালন ও সেবামূলক কাজ: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের পাশাপাশি রক্তদান, চিকিৎসাসেবা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের মতো আর্তমানবতার সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইকো ট্যুরিজম ও বৈঠক: সদস্যদের সৌহার্দ্য বাড়াতে প্রাকৃতিক পরিবেশে আনন্দঘন ‘ইকো ট্যুরিজম’-এর আয়োজন করা হবে। সংগঠনের কার্যকারিতা বজায় রাখতে প্রতি মাসে কার্যনির্বাহী বৈঠক ও প্রতি তিন মাস পর পর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিটি কর্মসূচির তথ্য ও ফুটেজ কেন্দ্রীয় পর্ষদে পাঠানো হবে এবং সারা বছরের কাজের ভিত্তিতে সেরা ১০টি ক্লাবকে ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

আলোচনা পর্বের শেষাংশে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা শাখার ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে জায়গা পেয়েছেন—সভাপতি: অ্যাডভোকেট মুনির উদ্দীন, সহ-সভাপতি: মো. ওলিউর রহমান, সাধারণ সম্পাদক: মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক: মো. নাজমুল হক, অর্থ সম্পাদক: মো. আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. হোসেন আলী, দপ্তর সম্পাদক: মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক: উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: এস এম শহীদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক: এসএম সাজেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: অর্পণ বসু। প্রকৃতির ছন্দে পা মিলিয়ে মানুষের এই সম্মিলিত পথচলা যেন ঋতুচক্রের প্রতিটি বাঁকে হারিয়ে যাওয়া স্নিগ্ধতা ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনার এক নতুন দীপশিখা হয়ে জ্বলছে।