সাতক্ষীরায় উড়ছে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহর ও বিভিন্ন উপজেলায় বাড়ির ছাদ, দোকানপাট এবং সড়কের পাশের বিভিন্ন স্থাপনায় বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা উড়তে দেখা যাচ্ছে। ফুটবলকে কেন্দ্র করে বিশেষ করে তরুণদের মধ্যে এই নিয়ে বাড়তি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে জাতীয় পতাকার পাশাপাশি ফুটবলপ্রেমী মানুষ ব্রাজিলের পতাকা টানিয়েছেন। কেউ বাড়ির ছাদে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বড় খুঁটি গেড়ে এই পতাকা উড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১০ জুন) সাতক্ষীরা জজ কোর্ট এলাকার সামনের একটি বাড়ির ছাদ থেকে এমন চিত্র দেখা যায়। হালকা বাতাসে পাশাপাশি উড়তে থাকা বাংলাদেশের লাল-সবুজ ও ব্রাজিলের হলুদ-সবুজ পতাকাটি পথচারীদের বেশ নজর কাড়ছে।






