সাতক্ষীরায় উন্মুক্ত বাছাই ছাড়াই জাতীয় দাবার দল গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সারাদেশে ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সাতক্ষীরায় উন্মুক্ত বাছাই ছাড়াই খেলোয়াড় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। কোনো প্রকার দল নির্বাচন বা বাছাই প্রতিযোগিতা না করে একটি ক্লাব কাপ খেলার ওপর ভিত্তি করে খেলোয়াড় চূড়ান্ত করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দাবাড়ুরা।
সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পক্ষে বক্তব্য দেন ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন মো. জাহিদ হাসান।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেন, দেশের ৬৩টি জেলায় নিয়মানুযায়ী ৫০তম দাবা ‘বি’ বাছাই প্রতিযোগিতা চলছে। তবে সাতক্ষীরায় উন্মুক্ত নির্বাচন প্রক্রিয়া বাতিল করে খেলোয়াড় পাঠানোর অপচেষ্টা হচ্ছে, যা নতুন ও অভিজ্ঞ দাবাড়ুদের অধিকার থেকে বঞ্চিত করার নামান্তর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়াসংগঠক ও দাবাড়ুরা দাবা বিচারক (আর্বিটার) মো. রিপন হোসাইনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁদের দাবি, খেলা আয়োজন না করেই ভুয়া ভাউচার করে তহবিল আত্মসাতের চেষ্টা এবং ক্ষমতার প্রভাব খাটানো হচ্ছে। অবিলম্বে তাঁকে বিচারকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্রাদার্স ইউনিয়নের ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম বকুল, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ এবং জ্যেষ্ঠ দাবাড়ু মো. সিরাজুর রহমান। তাঁরা অবিলম্বে নিরপেক্ষ বাছাই প্রতিযোগিতা আয়োজনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।






