সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: গ্রেপ্তার দুই আসামি ৫ দিনের রিমান্ডে
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় সরকারি কলেজের এইচএসসি ফলপ্রার্থী জাকারিয়া খাঁনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস ম-ল বৃহস্পতিবার এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেনÑসাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান এবং হুমায়ুন কবীরের ছেলে অমিত হাসান শিপন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গত মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রাম থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অজয় কুমার সরকার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সিএসআই মাজাহারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার রাতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে এক চায়ের দোকানে বাপ্পি হাসান নামের এক যুবকের সঙ্গে আসামিদের বিরোধ তৈরি হয়। মারামারির একপর্যায়ে বাপ্পিকে বাঁচাতে এগিয়ে গেলে নাহিদের ছুরিকাঘাতে নিহত হন জাকারিয়া খাঁন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামি মুহিদ হাসান বনিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।









