সাতক্ষীরায় দুই স্কুলে সচেতনতামূলক নাটক ও দেয়াল পত্রিকা প্রকাশ
সাতক্ষীরা শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকার, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক নাটক প্রদর্শন ও দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। ২৩ জুন বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে ‘এনগেজ নাও’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং দ্য পোল-স্টার পৌর হাইস্কুলে পৃথকভাবে দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান এবং দ্য পোল-স্টার পৌর হাইস্কুলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ ম-ল।
অনুষ্ঠানে বিদ্যালয় নাট্যদলের (বিনাদ) সদস্যরা সচেতনতামূলক নাটক পরিবেশন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের তৈরি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এই সচেতনতামূলক কর্মসূচিতে উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি








