সাতক্ষীরায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা
স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হলো তথ্যের সহজলভ্যতা। নাগরিকের প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ যত বাড়ে, সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তত বেশি জনপর্যবেক্ষণের আওতায় আসে। ফলে সেবাপ্রাপ্তিতে অনিয়ম, হয়রানি, বৈষম্য ও দুর্নীতির ঝুঁকি কমানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা ও সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হয়। এ কারণে তথ্য অধিকার আইন-২০০৯ শুধু তথ্য পাওয়ার একটি আইনি ব্যবস্থা নয়; এটি নাগরিক ক্ষমতায়ন, সামাজিক জবাবদিহিতা এবং দুর্নীতি প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এই পেক্ষাপটে “তথ্যই শক্তি: দুর্নীতি থেকে মুক্তি”Ñএই স্লোগানকে সামনে রেখে টিআইবি-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন বরা হয়। কলেজের বিভিন্ন ট্রেডের মোট ৯০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সনাক সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ সুরাইয়া ইয়াসমিন।
প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করেন টিআইবির এরিয়া সমন্বয়কারী আল-আমিন।
সনাক-সাতক্ষীরার এআই ডেস্ক উপকমিটির আহবায়ক সৈয়দা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ সুরাইয়া ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য ভারতেশ্বরী বিশ্বাস ও ডাঃ সুশান্ত কুমার ঘোষ।
সভাপতির বক্তব্যে সৈয়দা সুলতানা বলেন, “তথ্য অধিকার আইন জনগণের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তরুণ শিক্ষার্থীদের এ আইনসহ দেশের সকল আইন মেনে নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ সুরাইয়া ইয়াসমিন বলেন, “তথ্যই শক্তি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা ও কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা থাকলে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যায়।”
বিশেষ অতিথি সনাক সদস্য ডাঃ সুশান্ত কুমার ঘোষ বলেন, “দেশপ্রেম, নীতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। দুর্নীতি ও অনিয়মের শিকার হওয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং এর যথাযথ প্রয়োগ করা প্রয়োজন।”
আলোচনা শেষে সনাক সদস্য ভারতেশ্বরী বিশ্বাসের নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন। পরে তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি






