সাতক্ষীরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনের প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা শাখা। রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন। সঞ্চালনা করেন কবি গুলশান আরা। সভায় আসন্ন রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্য বৃদ্ধি ও নিয়মিত সাংস্কৃতিক চর্চা প্রসারের বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীত আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। রবীন্দ্রসঙ্গীতের চর্চা কেবল সাংস্কৃতিক অনুশীলন নয়, এটি মননশীলতা ও মানবিকতার বিকাশেও সহায়ক। একটি সুশৃঙ্খল ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী উৎসবকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় আলোচনার মাধ্যমে কবি গুলশান আরাকে আহ্বায়ক ও নয়ন কুমার ভট্টাচার্যকে সদস্যসচিব করে ‘রবীন্দ্রজয়ন্তী উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। উৎসব সফলভাবে সম্পন্ন করতে বেশ কিছু উপকমিটিও করা হয়।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, আজিজুর রহমান, প্রতাপ কুমার, তুষার মিত্র, মিঠুন দেবনাথ, রায়হান পারভেজ, মমতাজ বেগম, সাবরিনা ইয়াসমিন প্রমা, চন্দন চৌধুরী প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “রবীন্দ্রনাথের চেতনা ধারণ করে একটি মানসম্মত ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের আয়োজন আরও অর্থবহ হবে।”









