সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গাপূজা চলাকালীন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে সাতক্ষীরা জেলার সকল থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পূজামন্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত প্রদান করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।










