বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ১টি পিস্তল, ২টি ওয়ান সুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১টি পিস্তল, ২টি ওয়ান সুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও মোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করে আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

ফকিরহাটে গ্রীস্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
ফকিরহাটে গ্রীস্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা মো: আলমগীর হোসেন, কাজী শাহানশাহ মিথুন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার আয়োজনে ফকিরহাট জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।

সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

বদিউজ্জামান: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’। আদালত প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে ইতোমধ্যে এর দৃশ্যমান কাজ শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম-এর ঐকান্তিক প্রচেষ্টায় পরিত্যক্ত জায়গাটিতে জাতীয় ফুল শাপলার নান্দনিক প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এর চারপাশে রয়েছে ছোট ছোট শাপলাপাতা ও ফুলের সমন্বয়ে আরও চারটি সৌন্দর্যবর্ধক সেট। পুরো স্থাপনাটি আদালত চত্বরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

সরেজমিনে দেখা যায়, বৃত্তাকার জলাধারের মাঝখানে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় বৃহৎ শাপলা। চারপাশের জলাধারে রয়েছে শাপলাপাতা ও ফুলের সৌন্দর্যবর্ধক নকশা। ইতোমধ্যে স্থাপনাটি আদালত চত্বরে আগত বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আদালত সূত্রে জানা যায়, শাপলা চত্বরের সৌন্দর্য আরও বাড়াতে সেখানে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য নির্মাণ করা হবে ওয়াকওয়ে। পরিকল্পনা অনুযায়ী অন্যান্য সৌন্দর্যবর্ধক কাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার জানান, পরিত্যক্ত জায়গাটিকে নান্দনিক ও ব্যবহারযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী ফোয়ারা, ওয়াকওয়েসহ অন্যান্য সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়ন করা হবে।

আদালত চত্বরে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিচারালয়ের কর্মপরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ‘শাপলা চত্বর’ সাতক্ষীরা আদালত প্রাঙ্গণের একটি নান্দনিক পরিচিতি হয়ে উঠবে।

কেশবপুরে ৩৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী নেই ১২১ টিতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
কেশবপুরে ৩৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী নেই ১২১ টিতে

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। একই সঙ্গে ১২১টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। এতে একদিকে যেমন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে নৈশপ্রহরী না থাকায় রাতে অরক্ষিত থাকছে বিদ্যালয়গুলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ১৫৮ টি বিদ্যালয়ের মধ্যে ৩৬ টিতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৭৬৫ জন। কিন্তু বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ও প্রশাসনিক নেতৃত্বের সংকট শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, বিভিন্ন সভা, উপবৃত্তি ও সরকারি হিসাব-নিকাশসহ নানা কাজে প্রায়ই শিক্ষা অফিসে যেতে হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এসব দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাঁদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ৩৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।

কেশবপুরের একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলেন, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অন্যান্য শিক্ষকরাও চাপে পড়ছেন। দ্রুত শূন্যপদগুলোতে নিয়োগ ও পদায়ন করা প্রয়োজন।

প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ১৫৮ টি বিদ্যালয়ের মধ্যে ১২১ টিতে কোনো নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই।

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় রাতে বিদ্যালয়গুলো অরক্ষিত অবস্থায় থাকে। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’ নৈশ প্রহরী নিয়োগ নিয়ে মামলা থাকায় নিয়োগ বন্ধ রয়েছে, যার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধান হলে লেখাপড়ার মান বাড়বে।