সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নাজমুল হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা।
বুধবার বিকেলে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় ইউএনও নাজমুল হুসাইন বলেন, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে প্রশাসন ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিবাচক উদ্যোগ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ শিক্ষার পরিবেশ উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা এবং সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় সমিতির সহসভাপতি মো. লিয়াকত আলী ও মো. এমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল লতিফ, কোষাধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, শিক্ষক এস এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভার আগে শিক্ষক নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।









