সুবর্ণ ছায়াতেও বিভ্রান্ত বাতাস
মুকুন্দ মন্ডল
আদিমতার খোলস ছিঁড়তে ছিঁড়তে
দগ্ধতার সর্বোচ্চ দহনে
বিদগ্ধতার পরিচ্ছন্ন শোধনাগারে
পরিশোধিত প্রবাহের পরিস্ফুটন
বাগান জুড়ে
বয়ে চলে বেলী গন্ধরাজের অসন্দিগ্ধ ঘ্রাণ
হঠাৎ বিমর্ষতায় আক্রান্ত বকুল
বিভ্রান্ত বাতাসে।
এতটা দীর্ঘ পথ এসেও
শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাপমাত্রা
বায়বীয়তায় বিপ্রতীপ কোণ
দৃশ্যত ভেঙে পড়ার উপক্রম উপরে ওঠার সিঁড়িটা
ছিঁড়তে থাকে ভালোবাসার সাতনরী হার।
শারীরিক ছবির অশরীরী ছায়ার
সেই পিছনে হাঁটার দৃশ্য
প্রাগৈতিহাসিকতার আচ্ছাদনে মোড়ানো।
গভীর অরণ্যের পাতার আড়ালে
হিংস্রের লোলুপ দৃষ্টি
নিষ্প্রাণ পড়ে থাকে হরিণীর জীবাশ্ম।
চাঁদও রাহুর কবলে,
গ্রাসের থাবায় নিষ্পেষিত, অদৃশ্য
আকাশের কিনার বেয়ে।
আকাশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে
রাত্রির পরাকাষ্ঠা।
অকস্মাৎ ভূমিকম্প
আর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রাবল্যে
আকাশ বাতাস প্রকম্পিত করে ভেঙে পড়ে
মার্বেল পাথরে নির্মিত উজ্জয়িনী প্রাসাদ।










