বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

পত্রদূত ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে মৃত্যুবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ৭টায় কোরআন খতম, ১০টায় আলোচনা সভা, দুপুর ১টায় কবর জিয়ারত এবং দুপুর ২টায় তবারক বিতরণ। দিনটি পালনে আয়োজক কমিটির আহ্বায়ক মো. আবুল ফজল ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের এই কীর্তিমান পুরুষ ১৯৩৭ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে বিএড ডিগ্রি অর্জনের পর তিনি বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে তিনি ‘ক্যাপ্টেন’ উপাধি লাভ করেন। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মুক্তিবাহিনী গঠন ও আঞ্চলিক প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।
স্বাধীনতার পর শিক্ষকতায় ফিরে আসা এই গুণী ব্যক্তি ১৯৮৫ সালে দেবহাটা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৩ জুলাই সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় তিনি মারা যান।

Ads small one

আদালত চত্বর থেকে হ্যান্ডকাফ পরা আসামির পালানোর চেষ্টা ব্যর্থ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
আদালত চত্বর থেকে হ্যান্ডকাফ পরা আসামির পালানোর চেষ্টা ব্যর্থ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামির পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার দুপুরে আশাশুনি থানা থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসার সময় তিনি পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় জনতা তাঁকে আটক করে। আজমাইন (২৫) আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামের মনিরুল গাজীর ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. মঈনুদ্দিন সূত্রে জানা যায়, ৩ আগস্ট গোদাড়া গ্রামে একটি মারপিটের ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয় (জিআর- ১৫৭/২৬)। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আজমাইনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে মহেন্দ্রযোগে তাঁকে আদালতে পাঠানো হয়। দেড়টার দিকে আজমাইনকে গারদে নিয়ে যাওয়ার পথে বারান্দায় তোলার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। পরে পলাশপোল বউবাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইটগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
ইটগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

 

সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুজিতের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্যে অংশ নেন ম্যানেজিং কমিটির সদস্য আবু সাইদ বিশ্বাস, সাবেক সদস্য আব্দুর রহিম, ব্যবসায়ী আইয়ুব হোসেন, সায়েম ফেরদাউস মিতুসহ বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন জরুরি। একটি শিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/ আইনি ফাঁকফোকর ও প্রশাসনিক দায় এড়ানোর সংস্কৃতিতে ধামাচাপা পড়ছে বাল্যবিয়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ আইনি ফাঁকফোকর ও প্রশাসনিক দায় এড়ানোর সংস্কৃতিতে ধামাচাপা পড়ছে বাল্যবিয়ে

উপজেলার দাতিনাখালী গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরী ও ১৬ বছর বয়সী এক কিশোরের বিয়ে হওয়ার ঘটনাটি আমাদের সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার এক নির্মম বাস্তবতাকে উন্মেচিত করেছে। উভয় পক্ষই অপ্রাপ্তবয়স্ক; বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এটি পরিষ্কার শাস্তিযোগ্য অপরাধ। অথচ এফিডেভিটের দোহাই দিয়ে এবং প্রশাসনিক দায় ঠেলার অদ্ভুত প্রতিযোগিতার মাধ্যমে এই বেআইনি কর্মকা-টি নির্বিঘেœ সম্পন্ন হয়েছে।
এই ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হলো স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মহিলা বিষয়ক কার্যালয়ের ভূমিকা। থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বলছেন, অন্য দপ্তর থেকে ‘আনুষ্ঠানিক সাহায্য’ না চাইলে তাদের কিছু করার থাকে না। আবার মহিলা বিষয়ক কর্মকর্তা কেবল ‘খবর পাঠানো’র মধ্যেই নিজ দায়িত্ব সীমাবদ্ধ রাখছেন। প্রশাসনিক এই লাল ফিতার দৌরাত্ম্য ও সমন্বয়হীনতার সুযোগ নিয়েই মূলত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। পুলিশের এমন নিষ্ক্রিয়তা এবং এক দপ্তর থেকে অন্য দপ্তরে দায় চাপানোর মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
আরেকটি আশঙ্কাজনক প্রবণতা হলো আদালতের এফিডেভিটকে বাল্যবিয়ে আইনি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। ভুয়া বয়স দেখিয়ে কিংবা জাল নথির ভিত্তিতে এফিডেভিট করে বাল্যবিয়ে বৈধ করার এই নোংরা কৌশল বন্ধে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। উপরন্তু, বিয়ে না দেওয়ার জন্য আগে থেকে নেওয়া ‘লিখিত অঙ্গীকারনামা’ অমান্য করেও মূল অপরাধীরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
জেলাজুড়ে গোপনে চলা বাল্যবিয়ের এই প্রথা বন্ধে অবিলম্বে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শুধু খবর পাঠিয়ে দায়িত্ব শেষ না করে মহিলা বিষয়ক দপ্তর ও থানা পুলিশকে যৌথভাবে সমন্বিত অভিযান চালাতে হবে। এফিডেভিটের নামে বেআইনি বিয়ে রেজিস্ট্রি করা কাজীদের আইনের আওতায় আনতে হবে এবং বিয়েতে সম্পৃক্ত উভয় পক্ষের অভিভাবকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয় প্রশাসনিক তদারকি জোরদার না হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা কখনোই সম্ভব হবে না।
এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে সরকার কি দৃষ্টান্ত স্থাপন করবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে বাল্যবিয়ের এই কুপ্রথাকে প্রশ্রয় দিয়েই যাবে?