বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আশাশুনি উপজেলা তরুণ দলের ৮২ সদস্যের কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা তরুণ দলের ৮২ সদস্যের কমিটি অনুমোদন

আশাশুনি প্রতিনিধি: দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি মো. আলমগীর কবির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আবু মুছা এই কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত ৮২ সদস্যের এই কমিটিতে মো. নাভিদ নওরোজ আকাশকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ইঞ্জিনিয়ার শাহ মো. জাকির হোসেনকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং আলতাফ হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি পদে ইয়াকুব আলী, আছাদুল ইসলাম ও সাগর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাজিকুর রহমান বিল্লাল ও মিঠু অন্তর্ভুক্ত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশরাফুল রাজীব।

জেলা কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আশাশুনি উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা প্রদান করেছে।

Ads small one

দুর্গাপূজা শেষে আবার শহরমুখী মানুষ, কর্মস্থলে ফেরার তাড়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
দুর্গাপূজা শেষে আবার শহরমুখী মানুষ, কর্মস্থলে ফেরার তাড়া

শ্যামল শীল

শারদীয় দুর্গাপূজার আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত পেছনে ফেলে আবারও শহরমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গ্রাম ছেড়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের পথে যাত্রা শুরু করেছেন অনেকে। ফলে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়ছে কর্মস্থলমুখী মানুষের ব্যস্ততা।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ও বিভিন্ন শহরে বসবাসরত অনেক মানুষ পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপন করতে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। কয়েক দিন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কাটানোর পর এবার তাঁদের ফিরতে হবে কর্মস্থলে। যদিও শুক্রবার ও শনিবারও বন্ধ থাকবে দেশের সকল অফিস আদালত। ফলে একটানা ৫দিন ছুটি কাটাতে পারবেন চাকুরিজীবীরা। তারপরও পুজো শেষ হওয়ার সাথে সাথে কারও চোখে উৎসবের আনন্দমাখা স্মৃতি, আবার কারও মনে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বিষণœতা ভর করতে শুরু করেছে।

সাতক্ষীরার বিভিন্ন গ্রাম থেকেও কর্মজীবী মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফিরছেন। অনেকের কাছে এই যাত্রা শুধু কর্মস্থলে ফেরার নয়, বরং জীবিকার তাগিদে আবারও ব্যস্ত নগরজীবনে ফিরে যাওয়ার বাস্তবতা। গ্রামের নির্মল পরিবেশ, পরিবারের সান্নিধ্য ও উৎসবের আনন্দ ছেড়ে তাঁদের আবারও ব্যস্ত কর্মজীবনে মনোযোগ দিতে হচ্ছে।

এদিকে উৎসব শেষে একসঙ্গে অনেক মানুষের যাত্রার কারণে পরিবহনে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটের সংকট এবং যানজটের মতো ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাপনা জোরদার করাও জরুরি।

উৎসবের আনন্দ শেষ হলেও মানুষের মনে থেকে যায় আপনজনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। জীবিকার প্রয়োজনে শহরে ফিরতে হলেও মনের টান রয়ে যায় জন্মভূমি ও পরিবারের কাছে। আর সেই টান নিয়েই আবারও নতুন কর্মব্যস্ততার পথে যাত্রা শুরু করছেন হাজারো মানুষ।

লেখক: সাবেক জবি শিক্ষার্থী ইতিহাস বিভাগ, ঢাকা।

 

গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক, জলদস্যু দমনের দাবী এলাকাবাসীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক, জলদস্যু দমনের দাবী এলাকাবাসীর

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক জনাব কওসার আজিজ। এ সময় সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও শিক্ষাব্যবস্থাসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু। তাঁরা সুন্দরবনে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, আত্মসমর্পণের পরও পুনরায় ডাকাতিতে জড়িয়ে পড়া এবং জলদস্যু দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

এ ছাড়া গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করা এবং প্রকল্পের নকশা ও ডিজাইন জনসমক্ষে প্রকাশের দাবি জানান বক্তারা। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা হয়।

স্থানীয়দের বক্তব্য শোনার পর জেলা প্রশাসক কওসার আজিজ সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণকাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস দেন জেলা প্রশাসক।

 

 

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল আটক

পত্রদূত ডেস্ক: বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর ও কুশখালি বিওপি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কুশখালি বিওপির বিশেষ আভিযানে কুশখালির আমতলা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, গাজীপুর বিওপির বিশেষ আভিযানে বেলতলা হতে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭৭ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।