কলারোয়ায় আগুনে পুড়ল গরুর খামার
কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামে আগুনে একটি গরুর খামার সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে খামারের একটি গরু মারাত্মক দগ্ধ হয়েছে।
খামারের মালিক সাইফুল্লাহ গাজি উজ্জ্বল জানান, বসতবাড়ির পাশেই তাঁর গরুর খামারটি অবস্থিত। দুপুরে জুম্মার নামাজ শেষে ঘরে খাবার খাওয়ার সময় হঠাৎ তিনি খামারে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে জড়ো করা হয়। স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকা-ের সময় খামারে থাকা গরুগুলোকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে ভেতরে প্রবেশ করেন খামার মালিকের মেয়ে। তিনি দ্রুত দড়ি কেটে দিলে গবাদিপশুগুলো বের হতে পারলেও একটি গরু আগুনে গুরুতর দগ্ধ হয়। খামার মালিকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কে বা কারা খামারের পাশে রাখা পাটখড়ির গাদায় আগুন লাগিয়ে এই ক্ষয়ক্ষতি করেছে।









