নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার আহ্বান
পত্রদূত রিপোর্ট: নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত, সুস্থ ও কর্মক্ষম রাখার লক্ষ্যে সাতক্ষীরায় একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর জেলা কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার সুমাইয়া রহমান। তিনি বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম ভিত্তি। নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূরীকরণে পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়েদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।
সভায় মুখ্য আলোচক ও মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা নারীর প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং মানসিক সুস্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সুস্বাস্থ্য নারীর অধিকার। হট ফ্লাশ ও মুড সুইংয়ের মতো সমস্যায় পারিবারিক সহায়তা অত্যন্ত জরুরি। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ক্ষেত্রে কিশোরীদের মানসিক চাপ না দিয়ে সঠিক যৌন শিক্ষা প্রদান এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক পারিবারিক সহিংসতা থেকে রক্ষা পাওয়া নারীদের আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা বিদিশা রপ্তান নারীর সঠিক তথ্যপ্রাপ্তি, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করার তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার রিসোর্স পার্সন সুলতান মাহমুদ।









