গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, নেপথ্যে কারাবন্দী মাদক ব্যবসায়ীর স্ত্রী!
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজ নারকেলতলার মোড় থেকে মাদকসহ আজহারুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক আজহারুল কোমরপুর গ্রামের দক্ষিণপাড়ার শামসের জমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানাবাজ গ্রামের কারাবন্দী মাদক ব্যবসায়ী আমিনুর রহমানের বাড়ি থেকে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল। বুধবার সকালে ওই বাড়ি থেকে আজহারুলকে অস্বাভাবিক অবস্থায় বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে আমিনুরের বাড়িতে তল্লাশি চালিয়ে পাশের আমবাগান থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কিছু দিন আগে মাদক ব্যবসার অভিযোগে আমিনুরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে থাকলেও তার অনুপস্থিতিতে স্ত্রী বীতি (৩০) এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।









