স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ তালা উপজেলা বিএনপি সভাপতি হাসপাতালে ভর্তি
তালা প্রতিনিধি: তালা উপজেলা বিএনপির সভাপতি মুনাল কান্তি রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ইসলামকাটির গোপালপুর স্টেডিয়াম ও পার্ক পরিদর্শনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আজ বিকেলে গোপালপুর স্টেডিয়াম পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি নেতা মুনাল কান্তি রায়। পরিদর্শন চলাকালে মুনাল কান্তি রায় হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে হাবিবুল ইসলাম হাবিব তাৎক্ষণিকভাবে তাঁকে নিজের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি জানান, ভর্তির পর রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
এদিকে খবর পেয়ে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি নারায়ণ মজুমদার ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদারসহ স্থানীয় নেতা-কর্মীরা হাসপাতালে যান। পরে মুনাল কান্তি রায়ের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছান।









