মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সম্পাদকীয়/সাতক্ষীরার জলাবদ্ধতা ও স্থায়ী সমাধানের তাগিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/সাতক্ষীরার জলাবদ্ধতা ও স্থায়ী সমাধানের তাগিদ

সাতক্ষীরায় স্বাভাবিক বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া এবং আউশ ধান ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবরটি অত্যন্ত উদ্বেগের। রোববার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে ১২৭টি মাছের ঘের। এতে প্রাথমিকভাবে মৎস্য খাতেই প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন যদিও আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই এবং তারা যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত, তাও মাঠপর্যায়ের এই ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগকে খাটো করে দেখার সুযোগ নেই।
একটি জেলায় একসঙ্গে ৩৮টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার অর্থ হলো হাজার হাজার শিশুর নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া। এমনিতেই নানাবিধ কারণে প্রাথমিক শিক্ষায় যে ক্ষতি হয়, তা পুষিয়ে নেওয়া কঠিন; তার ওপর যদি প্রাকৃতিক দুর্যোগ বা জলাবদ্ধতার কারণে দিনের পর দিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়, তবে তা দীর্ঘমেয়াদি শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে আউশ ধান ও মাছের ঘের ভেসে যাওয়ার ঘটনাটি সরাসরি স্থানীয় অর্থনীতি এবং কৃষকের জীবিকার ওপর বড় আঘাত। সাতক্ষীরার মতো উপকূলীয় ও অর্থনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় এই ধরনের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের দীর্ঘ সময় লড়াই করতে হয়।
এই সংকটের মূল কারণটি কিন্তু নতুন নয়। সাতক্ষীরা অঞ্চলে অপরিকল্পিত মৎস্য ঘের তৈরি, নদী-নালার নাব্যতা হ্রাস এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো ভরাট বা দখল হয়ে যাওয়ার কারণেই সামান্য অতিবর্ষণে এমন তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এই অঞ্চলের মানুষকে একই ধরণের দুর্ভোগ পোহাতে হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জলাবদ্ধতা নিরসন এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের মতো বিষয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ইতিবাচক। তবে আমাদের অভিজ্ঞতা বলে, এই ধরণের সিদ্ধান্ত অনেক সময়ই কেবল সভার কার্যবিবরণীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়।
আমরা মনে করি, সাতক্ষীরার এই জলাবদ্ধতা ও ফসলি জমির ক্ষতি থেকে স্থায়ী মুক্তি পেতে হলে শুধু জরুরি ত্রাণ বা সাময়িক প্রস্তুতি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা। কপোতাক্ষসহ স্থানীয় নদী ও খালগুলোর খনন কাজ দ্রুত শেষ করা, পানি নিষ্কাশনের অবৈধ প্রতিবন্ধকতা ও স্লুইসগেটগুলোর দখলদারিত্ব দূর করা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেবল ‘প্রস্তুত আছি’ বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে, বন্ধ হওয়া বিদ্যালয়গুলো যাতে দ্রুত চালু করা যায় এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিরা যেন প্রয়োজনীয় সরকারি প্রণোদনা পান, তা নিশ্চিত করতে হবে। উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিবছর প্রকৃতির দয়ার ওপর ছেড়ে দেওয়া যায় না। দুর্যোগের এই দুষ্টচক্র ভাঙতে টেকসই ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Ads small one

পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি

শিশুশিল্পী হিসেবেই বেশ জনপ্রিয়তা পান প্রার্থনা ফারদিন দীঘি। তবে এখন নায়িকা হিসেবেই তিনি নিয়মিত কাজ করছেন। এর মধ্যে কয়েকটি সিনেমাতে প্রধান নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দীঘি জানান, জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বায়োপিকে তিনি কাজ করতে চান। এটি বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে বলেও মন্তব্য করেন নায়িকা।

কেন পরীমণির বায়োপিকে কাজ করতে চান সেটিও তিনি জানান। তার কথায়, কোনও একটি অনুষ্ঠানে পরীমণি জানিয়েছেন তার বায়োপিকে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না। সে চ্যালেঞ্জ থেকেই দীঘি কাজটি করতে আগ্রহী।

দীঘির ভাষ্য, ‘আমার মনে হয় তার (পরীমণি) বায়োপিক যদি হয় তাহলে এটি দারুণ একটি এন্টারটেইমেন্ট বায়োপিক হবে।’

নায়িকা হিসেবে দীঘির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

আরব আমিরাত ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
আরব আমিরাত ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে

বাংলাদেশ নারীদের এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে । তবে এদিন শুরুতেই বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল তুলনামূলক খর্ব শক্তির দল।

বিশেষ করে আগে ব্যাট করতে নেমে চাপে থাকা বাংলাদেশ যখন ৫৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষ দিকে শারমিন আক্তার সুপ্তার ৩১ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই বিদায় নিয়েছেন। ৩ বলে ০ রান করেন দিলারা। তিনে নেমে ব্যর্থ ছিলেন সোবহানা মোস্তারীও। ৬ বলে ৩ রান করেছেন তিনি। টিকে থাকা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা চেষ্টা চালিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে মাত্র ২১ রান তোলে বাংলাদেশ।

পাওয়ারপ্লে শেষে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেমেছেন ২৮ বলে ২৩ রান করে। স্বর্ণা আক্তার এবং ফাহিমা খাতুন মেরেছেন গোল্ডেন ডাক। আউট হন পরপর দুই বলে। মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ঝড় তোলেন। ৩১ বলে ৩৮ রানের ক্যামিও খেলেন শারমিন। তাতেই একশ পার করার রসদ পায় বাংলাদেশ। এছাড়া নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে টিকে ছিলেন। ৪ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন রাবেয়া খান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

 

পাকিস্তান অধিনায়কের দ্বিতীয় অপরাধে আইসিসির শাস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
পাকিস্তান অধিনায়কের দ্বিতীয় অপরাধে আইসিসির শাস্তি

আইসিসি পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে। ফাতিমা আইসিসির খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের আচরণবিধির ২ দশমিক ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়। এতে পাকিস্তানি এই অধিনায়ককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর পাশাপাশি, ফাতিমার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় অপরাধ, যার ফলে এই ২৪ মাসের সময়সীমার মধ্যে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। ফাতিমা তার আগের ডিমেরিট পয়েন্টটি পেয়েছিলেন ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন।

সর্বশেষ ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে, যখন ফাতিমা ওপেনার শেফালি বর্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা (অঙ্গভঙ্গি) করেছিলেন।

ফাতিমা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকির জেসী, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান এই অভিযোগটি আনেন।