কলারোয়ায় পৈতৃক জমি দখল ও মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার চন্দনপুর মৌজায় পৈতৃক জমি দখল, প্রকৃত মালিকদের মারধর এবং আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আবু তুহিন নামে এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী জুলফিকার আলী ও তাঁর পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, চন্দনপুর মৌজায় তাঁদের পৈতৃক ৫৬ শতক জমি রয়েছে। এর মধ্যে একটি দাগের ৭ শতক জমি নিয়মবহির্ভূতভাবে স্থানীয় আফসার বিশ্বাসের ছেলে আবু তুহিনের কাছে বিক্রি করেন এক শরিক। কিন্তু আবু তুহিন সেই নির্দিষ্ট দাগের জমি দখল না করে অন্য দাগে জোরপূর্বক পাকা প্রাচীর ও ঘর নির্মাণ করেন। এরপর বাড়িতে যাতায়াতের রাস্তার অজুহাতে জুলফিকার আলীর মালিকানাধীন আরও দেড় শতক জমি দখলের চেষ্টা চালান।
এতে বাধা দিতে গেলে আবু তুহিন ও তাঁর লোকজন জুলফিকার আলী ও তাঁর বোন কানোয়ারা খাতুনকে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনার পর উল্টো আবু তুহিন বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জুলফিকার আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বক্তব্য জানতে অভিযুক্ত আবু তুহিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারটি জমি রক্ষা ও নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে।





