তালায় গরু ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: গরু বিক্রি করে বাড়ি ফেরার পর তালা উপজেলার দোহার (আমড়াদাঙ্গা) গ্রামের এক গরু ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাঁকে হত্যার চেষ্টা এবং নগদ তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে শেখ রিয়াজুল ইসলাম তালা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. গাউছুল শেখ (৪৮) ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে খর্নিয়া হাটে গরু বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে তিনি একা থাকার সুযোগে পূর্ববিরোধের জেরে একই গ্রামের মো. আবু খায়ের শেখ (২৮), মো. সিদ্দিক শেখ (৫৫), মো. আয়ুব আলী শেখ (৫০) ও মো. মশিয়ার শেখ (২৪) দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান।
হামলাকারীরা গাউছুল শেখের মাথা ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে তালা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









