জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতার তাগিদ সিভিল সার্জনের
নিজস্ব প্রতিনিধি: ‘একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা ও চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কোনো প্রাণী কামড় দিলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। জলাতঙ্কমুক্ত সমাজ গড়তে জনগণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহমান, এমওসিএস ডা. এসমত জাহান সুমনা, জুনিয়র সার্জন ডা. রাশেদুজ্জামান, শিক্ষক মো. মনিরুল ইসলাম ও পাবলিক হেলথ নার্স শিরিনা খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠানে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।









