সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সভা

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্যহীন সেবা প্রদান এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে সাতক্ষীরায় উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর ম্যানগ্রোভ সভাঘরে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ক্রিশ্চিয়ান এইড’-এর সহযোগিতায় পরিচালিত ‘দিশা’ প্রকল্পের আওতায় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদারের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম ও উন্নয়নকর্মী মাধবচন্দ্র দত্ত উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুযোগ ও সামান্য সহযোগিতা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও দক্ষ সম্পদে পরিণত হতে পারেন। এ জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

Ads small one

জেলা প্রশাসকের নির্দেশে রাতে কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসিল্যান্ড মিঠুন মৈত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
জেলা প্রশাসকের নির্দেশে রাতে কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসিল্যান্ড মিঠুন মৈত্র
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নির্দেশে রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।
সোমবার রাতে তিনি সরেজমিনে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীর তীব্র স্রোতে বাঁধের ভাঙন ও ঝুঁকিপূর্ণ অংশের অবস্থা দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, “সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে ভাঙন সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। বাঁধের যে অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, বাঁধের ভাঙন ঠেকাতে দিনভর প্রায় চার শতাধিক মানুষ কাজ করেন এবং অতিরিক্ত মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে সংস্কারের চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংস্কার করা অংশের একটি বড় অংশ ফের নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
ভাঙন পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় মসজিদগুলোতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় রাতে হ্যালোজেন বাতি স্থাপন করে ভাঙনকবলিত এলাকায় কাজ চালানো হয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ ও বাঁধ সংস্কার করা না হলে জোয়ারের পানিতে মাছের ঘের, ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয়রা জরুরি ভিত্তিতে বাঁধের ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
পরিদর্শনকালে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দীনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

এই হারের ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টমাস ডুলির শিষ্যরা।

এর আগে, মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে ফিফা আসিয়ান কাপে মিশন শুরু করে বাংলাদেশ। ২ ম্যাচে ২ হারে কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে সিঙ্গাপুর এগিয়ে যায়। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে নুর আবদুল্লাহর ক্রসে হেডে গোল করেন হারিস স্টুয়ার্ট।

বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে সিঙ্গাপুর। পাঁচটি শট নেয় সিঙ্গাপুর। যার মধ্যে চারটিই ছিল লক্ষ্যে। অন্যদিকে একটিও শট নিতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা চালিয়েও সমতাসূচক গোল আদায় করতে পারেননি জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি সিঙ্গাপুরও। ফলে ১-০ ব্যবধানে জয় পায় সিঙ্গাপুর।

আজকের ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। একাদশের পরিবর্তন বাংলাদেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে সহায়তা করলেও, সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় এবং টানা দ্বিতীয় হার বরণ করে নেয় বাংলাদেশ।

আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

জ্বরের কারনে এশিয়ান গেমসে অংশ নেওয়া হলোনা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন শান্তর। দেশে থেকে জাপানে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষনের পর তাকে এশিয়ান গেমসে দলের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাজমুল হোসেন শান্ত আগামীকাল যথাসম্ভব দ্রুততম ফ্লাইটে দেশে ফিরে যাবেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) নাজমুল হোসেন শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি তার নিরাপদে দেশে পৌঁছানোর জন্য শুভকামনা জানিয়েছেন।

মেজর (অব.) ইমরোজ আহমেদ এই সম্পর্কে বলেন, ‘শান্তর প্রচন্ড জ্বর, সঙ্গে বমিও করছেন। তাই এই ক্রিকোটারকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। সে সকালে দলের নির্ধারিত অনুশীলনে অংশ নেননি। আগেরদিনও শান্ত অনুশীলনে অনুপস্থিত ছিলেন।