সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছ ও বেড়া ভাঙচুর, ১৫ হাজার টাকা চুরি
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে সীমানা বিরোধের জেরে গাছপালা কাটা, বেড়া ভাঙচুর ও ঘরে ঢুকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী পলাশ চৌধুরী জানান, প্রতিবেশী রতন অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গত রাতে তিনি পরিবারের সদস্যদের বাড়িতে রেখে বিভিন্ন ম-পে প্রতিমা দর্শনে যান। রাত দেড়টার দিকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার সীমানা পিলার তুলে ফেলা হয়েছে এবং গাছপালা ও চটার বেড়া কেটে তছনছ করা হয়েছে। এ ছাড়া ঘরের পেছনের বেড়া ভেঙে দোতলায় প্রবেশ করে টিনের বাক্সের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী রতন অধিকারী এই ঘটনা ঘটিয়েছেন বলে আশঙ্কা করছেন।
অভিযুক্ত রতন অধিকারী দাবি করেন, নিজেদের সাজানো নাটকে তাকে দোষারোপ করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।








