সুন্দরবন থেকে পাচারের সময় ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক
পত্রদূত ডেস্ক: অবৈধভাবে পাচারের অভিযোগে সোমবার (১৯ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লা বোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। হাসান ভান্ডারী নামের ওই কার্গোটি মোংলার জয়মনি থেকে কয়লা নিয়ে সুন্দরবন হয়ে পাথরঘাটায় যাচ্ছিল।
বনবিভাগের টহলকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে কার্গোটিকে আটক করা হয়। শ্রমিক কর্মচারীদের ভাষ্য অনুযায়ী কার্গোটি পাথরঘাটা আমুয়া এলাকায় যাচ্ছিল। কয়লা ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মোঃ সুমন তালুকদার (২১), মোঃ নূর নবী হোসেন (৪২), মোঃ এনায়েত করিম (৪০), মোঃ ওবায়দুল (২২), মোঃ মামুন (২২), মোঃ লায়েক মিয়া (৫০) ও মোঃ কবির হোসেন (৪৫)। এদের বাড়ি বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
জব্দকৃত কয়লার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে মোংলার জয়মনি এলাকায় নোঙর করা মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে এই কয়লা খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বন বিভাগ। এঘটনায় শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান আইনে প্রথক দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ।
জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মোঃ শরীফুল ইসলাম। তিনি বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রশাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।












