আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন
নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অন্তর্ভুক্তিমূলক ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এ সেশনের আয়োজন করে।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে।
ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন এবং পরিচালনায় সহযোগিতা করেন আরিফ বিল্লাহ। সেশনে জেন্ডার সম্পর্কিত নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি মোকাবিলা, অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।












