কয়রায় হরিণের মাংস, চামড়া ও দেহাংশ জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও অন্যান্য দেহাংশ জব্দ করেছে কোস্ট গার্ড। ২২ অক্টোবর সকালে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম জানান, আদালতের নির্দেশে জব্দকৃত হরিণের মাংস ও দেহাংশ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












