তালা শিশু তীর্থ স্কুলের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শিশু তীর্থ স্কুলের শিক্ষার মানোন্নয়ন, নিম্নমাধ্যমিক স্তরে উন্নীতকরণ ও উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিশু তীর্থ স্কুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগুজি।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক ও শিশু তীর্থ স্কুলের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, শিশু তীর্থ স্কুল দীর্ঘদিন ধরে তালায় শিশুবান্ধব ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটিকে নিম্নমাধ্যমিক স্তরে উন্নীত করতে সরকারি অনুমোদন প্রয়োজন।
প্রধান অতিথি আমিরুল ইসলাম কাগুজি বলেন, শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিশু তীর্থ নিম্নমাধ্যমিক স্তরের অনুমোদন পেলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা আরও উপকৃত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, অচিন্ত্য সাহা, আব্দুর রাজ্জাক, শিশু তীর্থের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, শফিকুল ইসলাম, মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, মুস্তাফিজুর রহমান রেন্টু ও জুলফিকার রায়হানসহ অন্যরা।









