সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড
সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেছেন, ইসলামি শিক্ষাব্যবস্থা কোরআনের আলোয় আলোকিত, নৈতিক ও মানবিক মানুষ গড়ার কারখানা। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা পবিত্র কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে। ভবিষ্যতে তারা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। মাদরাসাতু আল-ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফজুল কোরআন ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে মাদরাসাতু আল-ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী, বৃত্তিপ্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত মাদরাসাতু আল-ফুরক্বান হিফজুল কোরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।









