সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে বুড়িগোয়ালিনীতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি
এমএ হালিম, শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমন এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গণমিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে ও বাওয়ালি জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বনদস্যুদের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারেন না। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাঁদের পরিবারের সদস্যদেরও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
কর্মসূচি থেকে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে শুধু সাময়িক অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন ধারাবাহিক নজরদারি ও কার্যকর পদক্ষেপ। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সুন্দরবননির্ভর অর্থনীতি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জি এম রুস্তম আলী, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য এম এম রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ওহিদুল ইসলাম, আবু হোছাইন, গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান, সংরক্ষিত নারী সদস্য ফরিদা খাতুন, গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক ও ইয়াছিন আরাফাতসহ বনদস্যু নির্মূল কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম।






