বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে বুড়িগোয়ালিনীতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে বুড়িগোয়ালিনীতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি

এমএ হালিম, শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমন এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গণমিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে ও বাওয়ালি জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বনদস্যুদের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে সম্পূর্ণ বনদস্যুমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তিনি।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারেন না। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাঁদের পরিবারের সদস্যদেরও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

কর্মসূচি থেকে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে শুধু সাময়িক অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন ধারাবাহিক নজরদারি ও কার্যকর পদক্ষেপ। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সুন্দরবননির্ভর অর্থনীতি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জি এম রুস্তম আলী, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য এম এম রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ওহিদুল ইসলাম, আবু হোছাইন, গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান, সংরক্ষিত নারী সদস্য ফরিদা খাতুন, গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক ও ইয়াছিন আরাফাতসহ বনদস্যু নির্মূল কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম।

Ads small one

আশাশুনিতে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে ‘ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। তিনি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের ধূমপান, তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষক পলাশ মণ্ডল, রবিউল ইসলাম, কাটাখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছির পিও প্রশান্ত মিস্ত্রী।

আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের অর্থায়নে, ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রকল্পের যোগাযোগ ও প্রচার কর্মকর্তা মার্জুবা আফরা উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

সভায় জানানো হয়, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা, নারীর নেতৃত্ব ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, সচেতনতা কার্যক্রম এবং নীতিগত সুপারিশ নিয়ে কাজ করবে প্রকল্পটি। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বক্তব্য দেন।

আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলের হলরুমে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ অন্যরা। বক্তারা শিক্ষার্থীদের এসব সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।