এমপিও নীতিমালায় ঠাঁই হয়নি ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: বেসরকারি কলেজের ডিগ্রি (পাস) স্তরে বছরের পর বছর পাঠদান করেও এমপিওভুক্তির বাইরে রয়েছেন ৬৬১ জন তৃতীয় শিক্ষক। তাঁদের মধ্যে ২০১৬ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া ২৬৬ জন এবং ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া ৩৯৫ জন রয়েছেন। দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করেও এমপিওভুক্ত হতে না পারায় পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে দিন কাটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ চূড়ান্ত হলেও তাতে ডিগ্রি (পাস) স্তরের তৃতীয় শিক্ষকদের পদ অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পদটি নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও নীতিমালায় পদটি না থাকায় তাঁদের এমপিওভুক্তির প্রক্রিয়া আটকে রয়েছে।
ডিগ্রি স্তর এমপিওভুক্ত কলেজের নন-এমপিও ডিগ্রি তৃতীয় শিক্ষক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার ম-ল বলেন, দীর্ঘদিন ধরে ডিগ্রি (পাস) স্তরের তৃতীয় শিক্ষকেরা এমপিও সুবিধার বাইরে রয়েছেন। তাঁদের দাবি বিবেচনায় নিয়ে নীতিমালায় পদটি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে ডিগ্রি (পাস) পর্যায়ে প্রতি বিষয়ে দুজন শিক্ষক নিয়োগের শর্ত রয়েছে। নতুন বিষয়ে অধিভুক্তি ও পুরোনো বিষয়ের অধিভুক্তি নবায়নের ক্ষেত্রেও এ শর্ত গুরুত্বপূর্ণ। তবে এমপিও নীতিমালায় এ স্তরের জন্য একজন শিক্ষকের পদ রাখা হয়েছে। ফলে পাঠদান, টিউটোরিয়াল, ইনকোর্স পরীক্ষা, প্রশ্নপত্র তৈরি ও খাতা মূল্যায়নসহ বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালনে শিক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমপিও নীতিমালায় তৃতীয় শিক্ষক পদ না থাকায় নতুন নিয়োগের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। এমপিওভুক্ত শূন্য পদ না থাকলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ পাওয়া যায় না।
উজ্জ্বল কুমার ম-ল জানান, ডিগ্রি (পাস) স্তরের তিন বছরের শিক্ষা কার্যক্রমে অন্তত দুজন শিক্ষককে এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাউশিতে লিখিত আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৯ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৪ মে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
এ ছাড়া ২০২৫ সালের ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে এমপিওভুক্তি ও ২০২১ সালের নীতিমালা সংশোধনসংক্রান্ত মতবিনিময় সভায় তৃতীয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি উত্থাপন করা হয়। তবে সংশোধিত নীতিমালায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।
উজ্জ্বল কুমার ম-লের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত গভর্নিং বডির মাধ্যমে বৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর এবং ২০২৬ সালের ১৪ জানুয়ারি মাউশির মাধ্যমে তালিকা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরবর্তী সময়ে এমপিওভুক্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হলে ২০২৬ সালের ২৪ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। উপসচিব শিহাব উদ্দিন আহমদের স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এখতিয়ারভুক্ত উল্লেখ করে সংশ্লিষ্ট এমপিও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, তালিকা যাচাই-বাছাই ও বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি হলেও এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে ২০২৫ সালের নীতিমালায় চার বছর মেয়াদি অনার্স কোর্সের জন্য পাঁচজন এবং এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সের জন্য দুজন শিক্ষকের পদ রাখা হয়েছে। অথচ তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) স্তরের তৃতীয় শিক্ষকের পদটি বাদ রয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের মাধ্যমে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করা হয়েছিল। এরপরও বাদ পড়া এবং পরবর্তী সময়ে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি। তাঁদের দাবি, বৈধ নিয়োগ ও চাকরির মেয়াদ বিবেচনায় নিয়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় তৃতীয় শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হোক।












