আশাশুনিতে রাস্তার ৫০ হাজার ইট তুলে নেওয়ার অভিযোগ, তদন্ত হয়নি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা সদরের হাঁসখালী গ্রামে চলাচলের একমাত্র রাস্তা থেকে প্রায় ৫০ হাজার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলেও তদন্ত না হওয়ায় তাঁদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইয়াখালী ব্রিজ থেকে হাঁসখালী বৈদ্যবাড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইট বিছানো রাস্তা দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার রাস্তা থেকে প্রায় ৫০ হাজার ইট তুলে নিয়ে স্কুলের পাশের অন্য একটি সড়কের কাজে ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, ইটের মূল্যসহ রাস্তার জন্য বরাদ্দ করা পুরো অর্থও উত্তোলন করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রাস্তার ইট তুলে নেওয়ায় গত বর্ষা মৌসুমে কাদাপানির মধ্যে চলাচল করতে গিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাঁরা অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকাবাসীর গণপিটিশনের বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়। সভায় ইউএনও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু জানান, অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো সময় তদন্ত করা হবে।












