শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নহিমন বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নহিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনছান আলীর স্ত্রী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পরিবহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

Ads small one

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী অভিযুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী অভিযুক্ত

পত্রদূত ডেস্ক: যশোর সদর উপজেলার শানতলা এলাকায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও স্বামীর মাদকাসক্তিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

নিহত শাহানারা খাতুন শানতলা এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতিয়ার রহমান মাদকাসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহানারাকে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে, ডেঙ্গুর আশঙ্কায় রাজারবাগানবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে, ডেঙ্গুর আশঙ্কায় রাজারবাগানবাসী

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা সরকারি কলেজের পেছনে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। ড্রেনের জমে থাকা নোংরা পানিতে মশার লার্ভা জন্মাচ্ছে। দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করা এবং মশা নিধনের ওষুধ না ছিটানোর কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, এলাকার বিভিন্ন গলির ড্রেনে ময়লা-আবর্জনার সঙ্গে জমে রয়েছে পচা পানি। এসব স্থানে মশার লার্ভা দেখা গেছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।

এলাকাবাসী জানান, মশার উপদ্রবে দিনের বেলাতেও ঘরে কিংবা বাইরে কোথাও স্বস্তিতে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেককে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন বলেন, ড্রেনে মশার পরিমাণ এত বেশি যে দিনের বেলাতেও ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে মশার ওষুধ ছিটানো বা স্প্রে করার কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে এলাকার মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছেন।

আরেক বাসিন্দা আব্দুল কাদের বলেন, মশার কামড়ে শিশুদের নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলছে। রাজারবাগান এলাকায় দ্রুত ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে পাঠানোর জন্য পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় দ্রুত ড্রেন পরিষ্কার এবং মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ২টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারকে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সবুজ সরদারের বাড়িতে খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ওই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।