বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে মাটির লবণাক্ততা। এ পরিস্থিতি মোকাবিলা করে কৃষিকে টেকসই ও লাভজনক করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন ও উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। প্রশিক্ষক ছিলেন দক্ষিণ শ্রীফলকাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক গোবিন্দ মণ্ডল। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট-তেরকাটি গ্রামের প্রবীণ কৃষক সাধন কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ এবং অপরিকল্পিত চিংড়ি ও কাঁকড়া চাষের কারণে কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। এ সংকট মোকাবিলায় লবণসহিষ্ণু ফসলের জাত সম্প্রসারণ, উন্নত সেচ ব্যবস্থাপনা এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কৃষকদের লবণসহিষ্ণু ধানের জাত, আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, বেড পদ্ধতি, প্রাকৃতিক মালচিং, জলপট্টি, স্যালাইন ও টাওয়ার পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জাতের বীজ সংরক্ষণে কমিউনিটিভিত্তিক বীজ ব্যাংক গড়ে তোলা এবং কৃষকদের মধ্যে বীজ বিনিময় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পরিকল্পনা সভার মুক্ত আলোচনায় কৃষকেরা তাঁদের মাঠপর্যায়ের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি কৃষকদের সচেতনতা, স্থানীয় জ্ঞান ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গ্রিন কোয়ালিশনের সদস্য হীরা পারভীন, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী ও বারসিকের মনিকা পাইকসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।

কর্মশালার শেষ পর্যায়ে উপকূলীয় অঞ্চলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Ads small one

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্পের আওতায় শহরের পানসি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। সভায় বিভিন্ন ইউনিয়নের জনদুর্ভোগ, নাগরিক অধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন্ন উপজেলা সংলাপ সামনে রেখে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সম্প্রতি সাতক্ষীরায় শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও জনদুর্ভোগ লাঘবে নিয়মিত সংলাপ এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রেখা খাতুন, মাহফুজা পারভীন লিপিসহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানবাধিকার সুরক্ষা দলের সদস্য ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোমরা বন্দরের শ্রমিকদের জন্য হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছি: এমপি খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ভোমরা বন্দরের শ্রমিকদের জন্য হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছি: এমপি খালেক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ ও স্থানীয় মানুষের সমস্যা জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন।

সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাঁদের সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। পরে শাখরা-কোমরপুর এলাকার বেউলি ব্রিজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

বিকেল সাড়ে ৪টায় ভোমরা স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। চলতি অর্থবছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদী।

এ ছাড়া শ্রমিকদের সুপেয় পানির সংকট নিরসনে দুটি পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও ওয়াশ ব্লক নির্মাণ এবং বন্দরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ও অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে মালিক সমিতি, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথাও জানান।

মতবিনিময় সভায় মুহাদ্দিস আব্দুল খালেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, হাসপাতাল ভাঙচুর, সার বিতরণে অনিয়ম ও সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জাতীয় সংসদে তুলে ধরার কথা বলেন।

বেউলি ব্রিজ পরিদর্শন ও মতবিনিময়কালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মফিজুল রহমান, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচিতে সংসদ সদস্য স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশা শুনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিপীলিকা ইয়ুথ টিমের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহায়তায় এ আয়োজন করা হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সাইবার অপরাধের ধরন, শিক্ষার্থীদের অনলাইন ঝুঁকি, তা মোকাবিলার উপায়, ক্ষতিকর প্রভাব ও আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাওলানা কামরুজ্জামান ও একশনএইড বাংলাদেশের শ্যামনগর কার্যালয়ের প্রোগ্রাম কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

পিপীলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি মাসুদ রানাসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।