মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেইন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকেরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাক্সগুলো তাঁদের ওপর পড়ে গেলে তিনজনই চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ডেফি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি কাঠের বাক্স ছিল আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া। বাক্সগুলোর ভেতরে ছয় মিলিমিটার পুরুত্বের একাধিক কাচের প্যানেল ছিল। দুর্ঘটনার সময় তিন শ্রমিকই কন্টেইনারের ভেতরে কাজ করছিলেন।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাক্সের নিচে আটকে থাকা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচও নিয়োগকর্তাকে বহন করতে হবে।











