শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ২টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা এলাকায় সড়কের পাশে জনৈক আনারুলের জমির কাছে পরিত্যক্ত অবস্থায় ৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়।

পুলিশ জানায়, চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো নিয়ে আসার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।

জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার বেলা ১১টার দিকে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ওসি আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করা হয় এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

Ads small one

মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
মনিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর প্রতিনিধি: পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুরের চিনাটোলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক পালন ও শপথ পাঠ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে শহীদদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সহসভাপতি সমীরণ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির মনিরামপুর উপজেলা কমিটির সহসভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আশিষ গাইন এবং জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে নেতৃবৃন্দ শহীদ বিপ্লবীদের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার আহ্বান জানান। তাঁরা বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্য বিস্তার ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের বন্দর ও করিডর বিদেশি শক্তির স্বার্থে ব্যবহারের উদ্যোগের বিরোধিতা করে তাঁরা জাতীয় স্বার্থ রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার এবং সংশ্লিষ্ট শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকিস্তানি শাসকদের এদেশীয় সহযোগী রাজাকার বাহিনী মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে আটক করে। পরে হরিহর নদীর সেতুর ওপর তাঁদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ পাঁচ বিপ্লবীর স্মরণে প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও তাঁকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। এ সময় তাঁর সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা হাসপাতালে তাঁর শয্যাপাশে রয়েছেন।

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২

ন্যাশনাল ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছেন চালক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।

পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানের সঙ্গে আটকে গেলে চালক তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদক-সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় কয়েকজনকে আটকের খবর পেয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কাভার্ডভ্যান ও চালকের পরিচয় জানা যায়নি।