সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাফিউল ইসলাম এবং ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মো. ইকরামুল ইসলাম লালু ও সদস্যসচিব মীর তাজুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কাজী কামরুজ্জামান, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. আলতাফ হোসেন, মো. মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. ফজলুল করিম, মো. ফিরোজ রহমান ও নাজমুল হাসনাইন মিলন উপস্থিত ছিলেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান দিপু ও মো. জাহিদ হাসান। স্কোরারের দায়িত্বে ছিলেন শেখ আখেরুজ্জামান তাপস। এ ছাড়া রসুলপুর যুব সমিতি ও শাহ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, প্রশিক্ষক এবং খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ ও স্টেডিয়ামে একযোগে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। সূচি অনুযায়ী প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।












