সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু ১ ডিসেম্বর, ফল প্রকাশ ২৪ তারিখ
পত্রদূত ডেস্ক: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন কার্যক্রম শেষ করে ২৪ ডিসেম্বর ফল প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন নেওয়া হবে। গত ২৪ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো উপজেলা শিক্ষা অফিসে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, প্রাক্-প্রাথমিক শ্রেণিতে কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে লিখিত সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে। শিক্ষক সহায়িকানির্ভর বিষয়গুলোতে শতভাগ ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও মূল্যায়নের প্রস্তুতি চলছে। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা পাঠ্যসূচি শেষ করে পুনরালোচনা ক্লাস নিচ্ছেন।
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ জানান, মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, মূল্যায়নকে কেন্দ্র করে শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দময় পরিবেশে প্রস্তুতি নিতে সহায়তা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে।






