বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ভ্যান চুরি, বন্ধ উপার্জনের পথ: অসহায় সুকুমারের পরিবারের পাশে দাঁড়ানোর আকুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
ভ্যান চুরি, বন্ধ উপার্জনের পথ: অসহায় সুকুমারের পরিবারের পাশে দাঁড়ানোর আকুতি

নিজস্ব প্রতিনিধি: একটি ইঞ্জিনচালিত ভ্যানই ছিল সুকুমারের পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই ভ্যানটিও চুরি হয়ে যাওয়ায় এখন দিশেহারা তিনি। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, কীভাবে সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখবেন—তা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।

গত শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরের নিচ থেকে ভ্যানটি চুরি হয়। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভ্যানটি রেখে গিয়েছিলেন সুকুমার। ফিরে এসে আর সেটি পাননি। ভ্যান হারানোর পর থেকে তাঁর আয়ের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

একসময় বাটার সেলসম্যান হিসেবে কাজ করতেন সুকুমার। কিন্তু করোনা মহামারির সময় চাকরি ও ব্যবসা হারিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। ব্যবসার লোকসান ও দেনা পরিশোধ করতে গিয়ে বিক্রি করতে হয় বসতভিটার জমিও। এখন পরিবার নিয়ে থাকেন ভাড়া বাসায়। পড়াশোনা করছে তাঁর স্কুলপড়ুয়া দুই সন্তান।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুকুমার ভ্যান চালানোর পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে দায়িত্ব পালন করে কোনোমতে সংসার চালাতেন। ঋণের কিস্তিও পরিশোধ করতেন সেই আয় থেকে। স্থানীয়দের সহযোগিতায় সম্প্রতি ভ্যানটি সংস্কার করা হয়েছিল। কিন্তু সেটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি আবারও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সুকুমারের পরিবারের এই দুর্দিনে একটি নতুন ভ্যানই হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রধান অবলম্বন। সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সামান্য সহযোগিতাও পারে একটি অসহায় পরিবারের আয়ের পথ ফিরিয়ে দিতে, দুই শিশুর পড়াশোনা চালু রাখতে এবং পরিবারটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।

সহযোগিতা ও যোগাযোগ: ০১৩১৫-৫৫৪৮৩৯৯/ ০১৭৯৯-৯২৮৭৭৯

Ads small one

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা

বাংলাদেশের জার্সিতে এর আগে ১১টি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে কখনও মাঠে নামা হয়নি তার। এবার সেই অপেক্ষারও অবসান হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন হামজা। শুধু তাই নয়, দলীয় সূত্রের খবর, বুধবার তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড। একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও।

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের শুরু থেকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

বাংলাদেশের একাদশে এসেছে মোট তিনটি পরিবর্তন। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও বিশ্বনাথ ঘোষ মূলত পরীক্ষিত ডিফেন্ডার। ওই ম্যাচের পরদিন অনুশীলনে পায়ে ব্যথা পান তিনি। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বনাথ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি।

এছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় খেলবেন ফারহান আলী ওয়াহিদ। আর জামাল ভূঁইয়ার পরিবর্তে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী।

এবারের সাফে বাংলাদেশের অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত হয়েছিলেন তপু বর্মণ। কিন্তু প্রথম ম্যাচের দিন ওয়ার্ম-আপে চোট পেয়ে ছিটকে যান তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।

এবার হামজার একাদশে ফেরার সঙ্গে নেতৃত্বের দায়িত্বও যাচ্ছে তার হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে এর আগে কখনো মাঠে নামেননি তিনি।

বাংলাদেশের একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।

কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
কানাডা প্রবাসী নারী খুন: স্বামীসহ ৫ জনের বিচার শুরু

বছর তিনেক আগে ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর পুঁতে রাখার ঘটনায় করা মামলায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালত বুধবার অভিযোগ গঠনের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।’

বিচার শুরু হওয়া আসামিরা হলেন— হত্যার শিকার নারীর স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।

আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে আছেন। শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা জামিনে থেকে হাজিরা দেন।

গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে হয়। আদালত আদেশের জন্য রাখেন ৩০ সেপ্টেম্বর। ওইদিনও তা পিছিয়ে রাখা হয় ১৯ অক্টোবর। আবারও পিছিয়ে ১১ নভেম্বর রাখে ট্রাইব্যুনাল।

এদিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আসামিদের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেছিলেন।

২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অপর আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন।

আফরোজাকে খুন করে কানাডা পাড়ি জমান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

তালায় বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের মামলায় পাঁচ কিশোরের জামিন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
তালায় বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের মামলায় পাঁচ কিশোরের জামিন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সদরের বিদ্যুৎ উপকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বারুইহাটি গ্রামের পাঁচ কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন আহমেদ দীর্ঘ শুনানি শেষে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে ধারাবাহিক লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে একদল অজ্ঞাতপরিচয় যুবক তালা সদরের বিদ্যুৎ উপকেন্দ্রের জানালার কাচ লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের তালা উপকেন্দ্রের জেনারেল ম্যানেজার সাধন কুমার মণ্ডল বাদী হয়ে তালা থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার পর স্কুলপড়ুয়া কিশোর আসামিরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাঁদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন এবং সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বর কিশোর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁদের পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান। শুনানি শেষে বিচারক তাঁদের বয়স বিবেচনায় জামিন মঞ্জুর করেন।