দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ অর্জন করেছে। ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে পাওয়া এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির পশুখাদ্যের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দেশের পশুখাদ্য শিল্পে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ বলেন, শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিও শিল্প খাতে নেতৃত্ব অর্জনের গুরুত্বপূর্ণ ভিত্তি। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।
আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়াসহ বিভিন্ন ধরনের পশু ও মাছের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। প্রতিষ্ঠানটির মতে, আন্তর্জাতিক এ তিনটি সনদ অর্জনের ফলে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নতুন সুযোগ তৈরি হবে। প্রেসবিজ্ঞপ্তি