তিনবার নদীতে বিলীন বেড়িবাঁধ, আবারও ভাঙনের মুখে পদ্মপুকুর
নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিভিন্ন স্থানে মাটি সরে যাওয়ায় আতঙ্ক; লবণপানির পাইপ নিয়ে অভিযোগ, মামলা চলায় বন্ধ অপসারণ অভিযান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউখোলা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে বসে আছেন ষাটোর্ধ্ব অহেদ সানা। সামনেই নদী, পাশে বেড়িবাঁধের ক্ষয়ে যাওয়া অংশ। পা ভাঙা থাকায় ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি। বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকলে এই বয়সে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েই তাঁর দুশ্চিন্তা।
অহেদ সানার ভাষ্য, স্বাধীনতার পর তিনবার পুরো বেড়িবাঁধ নদীতে বিলীন হয়েছে। আবারও বিভিন্ন স্থানে মাটি সরে যাচ্ছে। ভাঙা পা নিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকলে নিরাপদ স্থানে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়বে।
আজ ১২ নভেম্বর, উপকূল দিবস। ১৯৭০ সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই দুর্যোগে নিহত ব্যক্তিদের স্মরণে ২০১৭ সাল থেকে বেসরকারিভাবে দিনটি উপকূল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ৫৬ বছর পরও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে মুক্ত নয় উপকূলের মানুষ। সাতক্ষীরার পদ্মপুকুরেও সেই ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে যাওয়ার ঘটনা।
২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার সময় পদ্মপুকুরের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছিল। ডুবে গিয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের। দীর্ঘদিন পানিবন্দি থাকতে হয়েছিল অনেক পরিবারকে। সেই দুর্যোগের পর বাঁধ মেরামত করা হলেও নদীভাঙন থামেনি। এখন আবারও ইউনিয়নের কয়েকটি স্থানে মাটি সরে যাওয়ায় নতুন করে ভাঙনের আশঙ্কা করছেন বাসিন্দারা।
এর মধ্যে চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এ পরিস্থিতিতে বেড়িবাঁধের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন পদ্মপুকুরের মানুষ।
পদ্মপুকুরের একদিকে কপোতাক্ষ, অন্যদিকে খোলপেটুয়া নদী। উত্তরে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের সঙ্গে স্থলপথে যোগাযোগ, দক্ষিণে চৌদ্দরশি সেতু পেরিয়ে গাবুরা ইউনিয়ন। নদীবেষ্টিত এই ইউনিয়নের ঘরবাড়ি, ফসলি জমি ও চিংড়িঘের রক্ষার প্রধান অবলম্বন বেড়িবাঁধ। অথচ স্থানীয়দের অভিযোগ, বাঁধের কয়েকটি স্থানে মাটি সরে যাচ্ছে। চাউলখোলা, খুটিকাটা, ঝাপা ও কামালকাটির বিভিন্ন অংশ নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত বলেন, বাঁধের কয়েকটি স্থানে মাটি সরে গেছে। কোথাও কোথাও ধসের মতো অবস্থা তৈরি হয়েছে। পানি বাড়ার আগেই এসব স্থান মেরামত করা দরকার। ভাঙনের পর মাটি ফেলে সংস্কারের চেয়ে আগেভাগে ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা জরুরি।
খুটিকাটা এলাকার সেকেন্দার সানা বলেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পদ্মপুকুরের বেড়িবাঁধ নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। কয়েকটি স্থানে বাঁধের মাটি সরে গেছে। দুর্যোগের সময় নদীর পানি বাড়লে এসব দুর্বল অংশে ভাঙন দেখা দিতে পারে। তাই বাঁধ ভেঙে যাওয়ার পর মাটি ফেলে মেরামতের অপেক্ষায় না থেকে এখনই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের দাবি জানান তিনি।
তবে পদ্মপুকুরে বেড়িবাঁধের ঝুঁকি শুধু নদীভাঙনেই সীমাবদ্ধ নয়। চিংড়িঘেরে নদীর পানি নিতে বাঁধের ওপর অবৈধভাবে পাইপ বসানো এবং কোথাও কোথাও বাঁধ কেটে পাইপ নেওয়ার অভিযোগও রয়েছে। এসব পাইপের চারপাশ থেকে মাটি সরে যাচ্ছে। এতে বাঁধের ওই অংশ দুর্বল হয়ে পড়ছে। নদীতে পানি বাড়লে বা প্রবল স্রোত তৈরি হলে এসব স্থান দিয়ে ভাঙন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবৈধ পাইপ অপসারণের পাশাপাশি বাঁধের কাটা অংশগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ইউনিয়নের কয়েকটি স্লুইসগেট নষ্ট থাকায় অনেকে চিংড়িঘেরে নদীর পানি নিতে পাইপ ব্যবহার করছেন। তবে বেড়িবাঁধের ওপর অবৈধভাবে পাইপ বসানো বা বাঁধ কেটে পানি নেওয়ার বিষয়টি সমাধান করা জরুরি। যেসব পাইপের কারণে বাঁধের ক্ষতি হচ্ছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে স্লুইসগেটগুলো মেরামত করা গেলে ঘেরে পানি নেওয়ার জন্য অবৈধ পাইপের ওপর নির্ভরতা কমবে। এতে বাঁধের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চিংড়িচাষিদের পানির প্রয়োজনও মেটানো সম্ভব হবে।
এদিকে বেড়িবাঁধের ওপর বসানো পাইপ অপসারণে অভিযান শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। তবে এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে অভিযান। ফলে বাঁধের ওপর অবৈধ পাইপ থাকা নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও সেগুলো অপসারণের কাজ এগোচ্ছে না। অন্যদিকে নদীর চাপে যেসব স্থানে বাঁধের মাটি সরে গেছে, সেগুলো মেরামতের কাজও জরুরি হয়ে পড়েছে। সামনে দুর্যোগের আশঙ্কা থাকায় পাইপ অপসারণের জটিলতা কাটিয়ে বাঁধের দুর্বল অংশগুলো সংস্কার এবং পানি সরবরাহের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন বাসিন্দারা।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, নিয়ন্ত্রণহীনভাবে পাইপ বসানো হলে বেড়িবাঁধের ক্ষতি হতে পারে এবং ভাঙনের ঝুঁকি বাড়ে। এ কারণে বাঁধ থেকে পাইপ অপসারণে অভিযান শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। তবে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আপাতত সেই অভিযান বন্ধ রয়েছে। কোনো নির্দিষ্ট পাইপের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেলে তা পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
ক্যাপশন: চাউখোলা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে ক্ষয়ে যাওয়া বেড়িবাঁধের পাশে বসে আছেন ষাটোর্ধ্ব অহেদ সানা। ভাঙা পা নিয়ে বাঁধ ভেঙে গেলে নিরাপদ আশ্রয়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।












