বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
কলারোয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কলারোয়া প্রতিনিধি: নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

কলারোয়া বাসস্ট্যান্ডের বিশ্বাস মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন পারভেজ ও রুহুল আমিন খোকন, ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসা কারিম, শামীমুর রহমান দোয়েল, আলতাব হোসেন, সবুজ, হাসানুর ও আনারুলসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা রাজনৈতিক নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং তৃণমূলের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Ads small one

হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

হামজা-ফারহান দলে যোগ দিলেই বাংলাদেশের খেলার চেহারা পাল্টে যাবে- সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াইয়ে সেটাই দেখা গেলো। প্রবাসীদের নিয়ে গড়া লঙ্কান দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা, শমিত, ফারহান ও রাকিবের নৈপুণ্যে ৪-০ গোলের বড় জয় পেয়েছে টমাস ডুলির দল। তাতে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

অন্যদিকে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বুধবার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তার ফলও মিলেছে দ্রুত। শমিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।

শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশশমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ টমাস ডুলি। জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষের জায়গায় খেলেছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম। প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হামজা খেলেছেন নম্বর টেন পজিশনে। শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা।

৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবকে ফাউল করায় বক্সের কয়েক গজ বাইরে ফ্রি-কিক পায় লাল-সবুজের দল। হামজার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। হামজার ক্রস থেকে গোলরক্ষক বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করেন। বক্সের প্রান্তে থাকা শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় জোরালো শটে বল জালে জড়ান নিউইয়র্ক কসমসে খেলা এই ফুটবলার। তাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা।

১৬ মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। শমিতের কাটব্যাক থেকে হামজার জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

২৫ মিনিটে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেন হামজা। সতীর্থের লং পাস হেড করে তাঁর দিকে বাড়িয়ে দেন রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই প্রথম স্পর্শে বল নিজের নিয়ন্ত্রণে নেন হামজা। এরপর তাঁর দারুণ ব্যাকহিল ক্রসবারের নিচের অংশে লাগলেও জালে জড়ায়নি।

৪০ মিনিটে ডিলন ডি সিলভার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। পরের মিনিটে রাকিবের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

৪৪ মিনিটে আবারও গোল উৎসবে মাতে বাংলাদেশ। ইব্রাহিমের লং পাস পেয়ে বক্সের ভেতরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান হামজা। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।

বিরতির পরও বাংলাদেশের খেলায় ছন্দপতন হয়নি। আগের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় স্বাগতিকরা।

একক প্রচেষ্টায় অসাধারণ গোল করে ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ফারহান। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড। ঢাকার মাঠে দর্শনীয় এমন গোল অনেক দিন পর দেখলেন দর্শকরা।

৬৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন কোচ। মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ও তারিক কাজী মাঠ ছাড়েন। তাদের জায়গায় নামেন হৃদয়, সুকি ইতোফুসা ও ফয়সাল আহমেদ ফাহিম। সেই পরিবর্তনের পরই ৭০ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিয়েছিলেন ইতোফুসা শুকি। দুর্ভাগ্য সেটি পা বাড়িয়ে আটকে দেন গোলরক্ষক।

কিছুক্ষণ পর ফাহিমও একইভাবে বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নেন। কিন্তু এবারও সুজন পেরেরাকে পরাস্ত করতে পারেননি তিনি।

এরপর সাদ উদ্দিন ও কাজেম শাহকে তুলে নেন কোচ। তাদের জায়গায় মাঠে নামেন জামাল ভূঁইয়া ও রহমত মিয়া। ৮৫ মিনিটে শুকি ইতোফুসার জোরালো শটও প্রতিহত করেন গোলরক্ষক। তবে দুই মিনিট পর আরেকটি গোল পেয়ে যায় বাংলাদেশ। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দুর্দান্ত ফ্লিকে জালে বল পাঠান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাঁশদহায় জামায়াত প্রার্থী রমজান আলীর নির্বাচনী গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
বাঁশদহায় জামায়াত প্রার্থী রমজান আলীর নির্বাচনী গণসংযোগ

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেউই পশ্চিমপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

গণসংযোগের অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগে ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আদম শফিউল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য!

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সহায়তার আওতায় বিতরণ করা সয়াপ্রোটিন বিস্কুটে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণের অভিযোগ উঠেছে। উপজেলার প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে সম্প্রতি ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কয়রা উপজেলার সরকারি নিবন্ধিত ১৪২টি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, বিস্কুটের মূল কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল লেখা থাকলেও ভেতরের মূল প্যাকেটে উৎপাদন ও মেয়াদের সিল ভিন্ন। প্যাকেটের ভেতরে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ রয়েছে ২৫ এপ্রিল ২০২৬।

দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন জানান, ৩ তারিখে কার্টনের গায়ে ২০২৭ সালের এপ্রিল মাস দেখে তাঁরা বিস্কুটগুলো শিশুদের মধ্যে বিতরণ করেছিলেন। পরে জানা যায়, ভেতরে থাকা মূল প্যাকেটের মেয়াদ গত ২৫ এপ্রিলেই শেষ হয়েছে। শিক্ষা অফিস থেকেও আগে থেকে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, মেয়াদ নিয়ে সন্দেহ হওয়ায় তিনি প্যাকেট খুলে দুই-তিনটি বিস্কুট খেয়ে দেখেন। এরপর থেকে টানা দুই-তিন দিন ধরে তিনি ডায়রিয়া ও পেটের পীড়ায় ভুগছেন। একই ধরনের ঘটনা ঘটেছে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।

বাংলাদেশ সয়াপ্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু মুদ্রণজনিত ভুলের কথা স্বীকার করে জানান, প্যাকেটে মেয়াদের তারিখ ছাপার ক্ষেত্রে ভুল হয়েছিল। খবর পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজারের বেশি কার্টন ফিরিয়ে আনা হয়েছে।

তবে ১১ নভেম্বর সরেজমিনে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তখনো মেয়াদোত্তীর্ণ বিস্কুট রয়ে গেছে। শিক্ষা অফিস থেকে কোনো লিখিত সতর্কবার্তাও পৌঁছায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার দাবি করেন, সব বিদ্যালয়ে বিস্কুট বিতরণ স্থগিত রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ বিতরণ করলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল জাবির জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি বিদ্যালয়ে বিস্কুট পৌঁছে দেয়। ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে প্রায় ৭ লাখ প্যাকেট বিস্কুট দেওয়া হয়। চলতি মাসের প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি।

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম বলেন, অপুষ্টি দূর করার নামে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা হয়েছে। পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

স্বাস্থ্যঝুঁকির বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যে কোনো গুণগত মান থাকে না। শিশুদের এমন খাদ্য দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী জানান, বিষয়টি জানার পর শিক্ষা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।