বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গাবুরায় জলবায়ুসহনশীল কৃষিপ্রযুক্তি প্রদর্শন ও উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
গাবুরায় জলবায়ুসহনশীল কৃষিপ্রযুক্তি প্রদর্শন ও উপকরণ বিতরণ

সংবাদদাতা: শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মাটির লবণাক্ততা মোকাবিলায় কৃষকদের মধ্যে আধুনিক অভিযোজন প্রযুক্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। ডুমুরিয়া মৌজায় বিলকিচ খাতুনের বাড়িতে আটজন কৃষককে নিয়ে এ ওরিয়েন্টেশন ও প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্পটি ওয়ার্ল্ড রিনিউর আর্থিক সহায়তা ও সিসিডিভির কারিগরি পরামর্শে উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’ বাস্তবায়ন করছে। সংস্থাটি গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে জলবায়ুসহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

কর্মসূচির আওতায় গঠিত আটটি প্রদর্শনী খামারে ভাসমান বেড, বেঞ্চ, আর্থ টাওয়ার, ভার্টিক্যাল টাওয়ার, মাচা ও বস্তা পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বেগুন, কাঁচামরিচ, লালশাক, ধুন্দুল ও লাউয়ের বীজ এবং ওয়াটার স্প্রে জার, সেক্স ফেরোমোন, ইয়েলো কার্ড, স্টিকি ট্র্যাপ, জৈব সার ও জিও ব্যাগ বিতরণ করা হয়।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আফতাব হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা পারভীন, সিসিডিভির উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রূপন, ফেইথ ইন অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস ও জেন্ডার অফিসার নওমী বিশ্বাস।

কৃষি কর্মকর্তা জানান, প্রতিকূল পরিবেশে চাষাবাদ চ্যালেঞ্জিং হলেও এর আগে ৪০০ জনকে প্রশিক্ষণ ও ২০০ জনকে উপকরণ দেওয়া হয়েছে। নতুন আটটি প্রদর্শনী খামার স্থানীয় কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করবে। আলোচনা শেষে কৃষকদের মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহারের ওপর তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

Ads small one

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী

ইরানের রাজধানী তেহরানের এক দোকানি অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার চমকপ্রদ মিলের ফুটেজ ইরান ও আরব অনলাইন প্ল্যাটফর্মগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি শুকনো ফল, বাদাম ও মিষ্টি বিক্রেতা। দোকানের ভেতরে একটি ওজন মাপার দাঁড়িপাল্লার পেছনে তার বসে থাকার ভিডিও সামনে আসার পর তিনি নজর কাড়েন। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই তার সঙ্গে নেতানিয়াহুর মুখাবয়ব, চুলের রেখা ও অভিব্যক্তির মিল চিহ্নিত করেন।

ফুটেজটি পরে একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া, তুলনা এবং দোকানির পরিচয় নিয়ে আলোচনার ঢেউ ওঠে। কিছু ব্যবহারকারী তার দোকানের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। অন্যরা মিল তুলে ধরে আরও ভিডিও শেয়ার করেছেন।

তবে প্রথমে যা নিছক হালকা মেজাজের ইন্টারনেট কাণ্ড মনে হয়েছিল, তা কিছুটা বিতর্কিত মোড় নিয়েছে বলে জানা গেছে। তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী দোকানটি বয়কটের ডাক দিয়েছেন।

প্রতিবেদনগুলোয় আরও বলা হয়েছে, এই আকস্মিক প্রচারে তার ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে। কিছু বিবরণে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ে দোকানি হতাশা প্রকাশ করেছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ফুটেজটি আরব গণমাধ্যমেরও দৃষ্টি কেড়েছে। সেখানে ভিডিওটিকে কৃত্রিমভাবে তৈরি চরিত্রের বদলে বাস্তব দোকানির ভিডিও বলে বর্ণনা করা হয়েছে। তবু রেকর্ডিংয়ের মূল উৎস, কবে ধারণ করা হয়েছে এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত নয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল, যা ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনমনের স্পর্শকাতরতা বাড়িয়েছে। সাধারণ নাগরিক ও নামী রাজনীতিকের মধ্যে তুলনা অনলাইনে প্রায়ই হাস্যরসের জন্ম দেয়। তবে বয়কটের এই ডাক দেখায়, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ভাইরাল কনটেন্টের প্রতিও রাজনৈতিক উত্তেজনা কীভাবে জনপ্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

সূত্র: আজার নিউজ

ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ফেব্রুয়ারির পর সর্বোচ্চ তেল উৎপাদন করলো সৌদি

অক্টোবরে তেল উৎপাদন বাড়িয়ে ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে সৌদি আরব। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত করার আগের শেষ মাস ছিল ফেব্রুয়ারি। তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রফাতানিকারক দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তারা দৈনিক ১ কোটি ৫৬ লাখ ৩ হাজার ব্যারেল (১০ দশমিক ৫৬৩ মিলিয়ন) অপরিশোধিত তেল উত্তোলন করেছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল দৈনিক ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল (৮ দশমিক ৩৭২ মিলিয়ন)।

এটি ২০২৬ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ওই মাসে সৌদি আরবের উৎপাদন ছিল দৈনিক ১ কোটি ৮৮ লাখ ২ হাজার ব্যারেল (১০ দশমিক ৮৮২ মিলিয়ন)।

অক্টোবরে বিস্তৃত উৎপাদক জোট ওপেক প্লাসও উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সেকেন্ডারি সূত্রের হিসাবে জোটটি দৈনিক ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল (৪১ দশমিক ২৩ মিলিয়ন) তেল উত্তোলন করেছে, যা সেপ্টেম্বরের চেয়ে দৈনিক ২০ লাখ ৪০ হাজার ব্যারেল (২ দশমিক ০৪ মিলিয়ন) বেশি।

সূত্র: আল জাজিরা

হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়।