শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

দেশ ঘুরলেই দেশ গড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
দেশ ঘুরলেই দেশ গড়ে

মো. মামুন হাসান

ঈদের ছুটি এলেই দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণে যাওয়া মানুষের ছবি। অনেকের কাছে এখন বিদেশ ভ্রমণ শুধু বিনোদন নয়, সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এই প্রবণতার ভেতরে একটি বড় অর্থনৈতিক প্রশ্ন লুকিয়ে আছে। আমরা কি অজান্তেই নিজের দেশের পর্যটন খাতকে দুর্বল করে দিচ্ছি?

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিনোদনমূলক ভ্রমণের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক কারণে ভ্রমণ স্বাভাবিক। কিন্তু শুধু অবকাশ যাপনের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, তা দেশের ভেতরেই ব্যয় হলে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, স্থানীয় ব্যবসা এবং হাজারো তরুণ উদ্যোক্তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারত।

বিশ্বের বহু দেশ পর্যটনকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলেছে। অনেক দেশ তাদের আয়ের বড় অংশ পর্যটন থেকে অর্জন করে। বাংলাদেশও চাইলে এই খাতে বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলাদেশ প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ, সাজেকের পাহাড়ি সৌন্দর্য, রাঙ্গামাটির ঝুলন্ত সবুজ, রাত্রির জলাবন রাটারগুল, কুয়াকাটার সূর্যোদয় ও সূর্যাস্ত, পাহাড়পুর বৌদ্ধ বিহার, মহাস্থানগড়ের প্রাচীন নিদর্শন, লালবাগ কেল্লার ইতিহাস, বিছানাকান্দির প্রাকৃতিক সৌন্দর্যসহ অসংখ্য দর্শনীয় স্থান বাংলাদেশের পর্যটনকে অনন্য করে তুলেছে।

এছাড়া বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, বৈসাবি, বাউল গান, লোকনৃত্য, গ্রামীণ মেলা, জামদানি বয়নশিল্প, নকশিকাঁথা, মৃৎশিল্প এবং চা বাগানের জীবনধারা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে পারে।

বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো স্বল্প দূরত্বের ভ্রমণ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো ভিসা বা বৈদেশিক মুদ্রার প্রয়োজন নেই। অল্প সময় ও কম খরচে দেশ ভ্রমণ করা সম্ভব।

তবুও মানুষ বিদেশমুখী হচ্ছে। কারণ তারা শুধু সৌন্দর্য নয়, নিরাপত্তা, পরিষ্কার পরিবেশ, সেবার মান এবং স্বচ্ছ খরচ চায়। অনেক পর্যটন এলাকায় ছুটির সময়ে হোটেল ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়, পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা যায়, পর্যাপ্ত পরিচ্ছন্নতা ও নিরাপত্তা থাকে না, পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্যকেন্দ্র এবং প্রশিক্ষিত সহকারীর অভাব রয়েছে।

বাংলাদেশে পর্যটন খাত এখনো পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে ওঠেনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের অভাব রয়েছে। প্রতিটি পর্যটন এলাকাকে উন্নত করতে প্রয়োজন উন্নত অবকাঠামো, মানসম্মত সেবা, নিরাপদ পরিবহন, পরিচ্ছন্ন পরিবেশ এবং ডিজিটাল ব্যবস্থাপনা।

উৎসবভিত্তিক ভ্রমণ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ, দুর্গাপূজা, নববর্ষ ও শীতকালীন ছুটিকে কেন্দ্র করে বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করা গেলে মধ্যবিত্ত পরিবার সহজেই দেশ ভ্রমণে আগ্রহী হবে। ট্রেন, বাস, আবাসন ও খাবার একত্রে যুক্ত করে সাশ্রয়ী ভ্রমণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাসফর আরও কার্যকর করা দরকার। শিক্ষার্থীরা যদি দেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতি সরাসরি দেখার সুযোগ পায়, তাহলে দেশ সম্পর্কে তাদের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি পাবে।

পর্যটন শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত। একজন পর্যটক যখন কোনো এলাকায় অর্থ ব্যয় করেন, তখন তা স্থানীয় মানুষের জীবিকায় সরাসরি প্রভাব ফেলে। ফলে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।
আমাদের মানসিকতার পরিবর্তনও জরুরি। বিদেশ ভ্রমণ খারাপ নয়, কিন্তু নিজের দেশকে উপেক্ষা করা ঠিক নয়। নিজের দেশ না জেনে শুধু বিদেশমুখী হওয়া আত্মপরিচয়ের দুর্বলতা তৈরি করে।

বাংলাদেশ ছোট দেশ নয়, এটি সম্ভাবনার দেশ। এখানে নদী আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, বন আছে, ইতিহাস আছে, সংস্কৃতি আছে এবং মানুষের আতিথেয়তা আছে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল আচরণ এবং নিজের দেশকে নতুনভাবে দেখার মানসিকতা।

বছরে অন্তত একবার দেশ ভ্রমণের সিদ্ধান্ত নিলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, স্থানীয় মানুষের আয় বাড়বে এবং পর্যটন খাত নতুন উচ্চতায় পৌঁছাবে। নিজের দেশকে জানা, দেখা এবং অনুভব করাই দেশপ্রেমের অন্যতম সুন্দর প্রকাশ।

লেখক: ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট

 

Ads small one

তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের এক পরিবার ও আর্সেনিকের ‘নীরব ঘাতক’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের এক পরিবার ও আর্সেনিকের ‘নীরব ঘাতক’

শাহিন আলম, খলিষখালি (তালা): সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রাম। বাইরে থেকে দেখলে গ্রামটি আর দশটি গ্রামের মতোই শান্ত, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক মরণব্যাধির হাহাকার। যে পানি জীবন বাঁচানোর কথা, সেই পানিই এখানে হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর কারণ। গত দুই দশকে এই গ্রামে আর্সেনিকজনিত রোগে অন্তত ৫০জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে সবচেয়ে করুণ দশা রুমানা বেগমের (ছদ্মনাম) পরিবারের। আর্সেনিকের থাবায় তিনি হারিয়েছেন স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ পরিবারের চার সদস্যকে।
স্থানীয়দের দাবি, গ্রামের অধিকাংশ টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা মাত্রাতিরিক্ত। গত ২০ বছরে আর্সেনিকোসিস কেড়ে নিয়েছে বহু প্রাণ। বর্তমানেও প্রায় ৩০০ মানুষ শরীরে এই বিষ বহন করে ধুঁকছেন। রুমানা বেগম বলছিলেন সেই যন্ত্রণার কথা, “স্বামীকে হারালাম, শ্বশুর-শাশুড়িও চলে গেলেন। এখন সন্তানদের নিয়ে বিষাক্ত পানির এই জনপদে আমি কী করে বাঁচব? বাড়ির সামনের পানির ট্যাংকটাও নষ্ট হয়ে পড়ে আছে।”
পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।
গ্রামের প্রায় দেড় লাখ মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে থাকলেও নিরাপদ পানির সংস্থান নেই বললেই চলে। আগে একটি বেসরকারি সংস্থার দেওয়া পুকুর-বালু ফিল্টার (পিএসএফ) থেকে পানি মিলত, কিন্তু সংস্কারের অভাবে সেটি এখন অকেজো। পুকুরটি আবর্জনা আর কচুরিপানায় ভরে যাওয়ায় সেই পানিও পানের অযোগ্য হয়ে পড়েছে। উপায় না দেখে জেনেশুনেই ‘বিষপান’ করতে হচ্ছে গ্রামবাসীকে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু বলেন, “বিষয়টি বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। মানুষ এখনো সুপেয় পানির জন্য হাহাকার করছে।”
চিকিৎসকদের মতে, আর্সেনিকোসিসের সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই। এটি শরীরে বাসা বাঁধলে প্রথমে চামড়ায় কালো বা সাদা দাগ দেখা দেয়, যা ধীরে ধীরে ক্যানসারের মতো মরণব্যাধিতে রূপ নেয়। এই মরণছল থেকে বাঁচার একমাত্র উপায় হলো বিশুদ্ধ ও নিরাপদ পানি নিশ্চিত করা।
কৃষ্ণকাটি গ্রামের সাধারণ মানুষের দীর্ঘশ্বাস এখন একটাইÑএকটু বিশুদ্ধ পানি। দ্রুত কোনো দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা না হলে, এই জনপদ অচিরেই একটি বড় স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে। আর্সেনিকের থাবা রুখতে সরকারের আশু হস্তক্ষেপই এখন এই গ্রামের একমাত্র আশা।

আশাশুনিতে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
আশাশুনিতে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি থানা-পুলিশ অভিযান চালিয়ে ২১৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মির্জাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হোসেন। তিনি উপজেলার বল্লভপুর হিন্দুপাড়ার মৃত ফটিক গাজীর ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল মির্জাপুর গ্রামে অভিযান চালায়। এসআই তারিক উর রহমান শুভ ও সঙ্গীয় ফোর্স আব্দুর রউফ সানার বাড়ির সামনের রাস্তা থেকে আবুল হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ওসি জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাঁকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তপ্ত দুপুরে মাঠেই ঝরল শ্রমিকের প্রাণ: মনিরামপুরে শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
তপ্ত দুপুরে মাঠেই ঝরল শ্রমিকের প্রাণ: মনিরামপুরে শোকের ছায়া

মনিরামপুর (যশোর) সংবাদদাতা: মাথার ওপর বৈশাখের তপ্ত সূর্য। নিচে তপ্ত মাঠ। সোনালি ধান ঘরে তোলার স্বপ্ন নিয়ে ভোরেই মাঠে নেমেছিলেন মান্নান শেখ (৫০)। কিন্তু সেই স্বপ্ন আর ঘরে ফেরা হলো না তার। প্রচ- গরমে ধান বহন করতে গিয়ে মাঠেই ঢলে পড়লেন তিনি। মুহূর্তেই আনন্দঘন ধান কাটার উৎসব রূপ নিল বিষাদে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হানুয়ার-কোমলপুর মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মান্নান শেখ চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের সামাদ হোসেনের জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে মান্নানসহ চারজন শ্রমিক ভাড়া করা হয়েছিল। ভোর থেকেই তারা কর্মচঞ্চল ছিলেন। সকাল ১০টার দিকে রোদের তীব্রতা বাড়লে জমির মালিক তাদের বিশ্রামের অনুরোধ জানান। কিন্তু কাজ দ্রুত শেষ করার তাড়নায় শ্রমিকেরা বিশ্রামে না গিয়ে আবারও কাজে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ধানের বোঝা বহন করে নিয়ে যাওয়ার সময় একটি আটি আইলের সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য সামলাতে না পেরে প্রচ- চাপে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মান্নান। সহকর্মীরা ছুটে আসার আগেই নিস্তেজ হয়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মী ও স্থানীয়দের ধারণা, কয়েক দিনের টানা তাপদাহ আর প্রখর রোদে দীর্ঘক্ষণ কাজ করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোক’ করেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা মাঠে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জীবিকার সন্ধানে বের হওয়া মানুষটির নিথর দেহ যখন গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুরো রসুলপুর গ্রাম স্তব্ধ হয়ে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
এলাকাবাসী ও সচেতন মহল এই প্রচ- গরমে খেটে খাওয়া মানুষদের কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের এবং প্রয়োজনে কর্মঘণ্টা পরিবর্তনের দাবি জানিয়েছেন।