কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, ভোট উৎসবে মাতলেন ব্যবসায়ীরা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ প্রার্থী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৯৩৬ ভোটারের মধ্যে ৮৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩, শেখ রফিকুল ইসলাম তালা প্রতীকে ৯৭ এবং আব্দুর রহমান চেয়ার প্রতীকে ২৭ ভোট পেয়েছেন।
সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন শেখ আহাদুজ্জামান (চশমা) ৫৩২ ভোট এবং শেখ আবু তাহের (মাছ) ৪৩৮ ভোট পেয়ে। এ পদে শফিকুল ইসলাম টোকন হরিণ প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আমিনুর রহমান মুন্না। তাঁর প্রতিদ্বন্দ্বী রাকিবুর জামান রুমি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে তলোয়ার প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নুরুন্নবী আবু। এ পদে মীর রবিউল ইসলাম মিন্টু চাকা প্রতীকে ২৭৫ এবং মো. সিদ্দিকুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান খান। অপর দুই প্রার্থী মো. শের আলী আপেল প্রতীকে ৩০২ এবং শেখ সিরাজুল ইসলাম শিরু টেলিভিশন প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রজব আলী। মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত মো. মাহমুদ উল্লাহ কলস প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মনিরুল ইসলাম মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন ফ্যান প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট।
প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ লুৎফর রহমান জুয়েল। এ পদে শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৩৭৩ ভোট।
চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান খান (দেয়াল ঘড়ি) ৫৯৯, তানজিদ হোসেন মিঠু (হাঁস) ৫৫২, আবুল হোসেন (আম) ৪৩৯ এবং ফিরোজ কবির (মই) ৪০৬ ভোট পেয়ে। অপর প্রার্থীদের মধ্যে হাফিজুল ইসলাম কাঁঠাল প্রতীকে ৩৯১, রাজু হোসেন ফুটবল প্রতীকে ২০৯ এবং আরাফাত হোসেন রজনীগন্ধা প্রতীকে ১৮৮ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও ব্যবসায়ী আনিসুর রহমান। প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ, আনসার ও গ্রামপুলিশ সদস্য মোতায়েন করা হয়।
নির্বাচন ও ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এবং উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলামও দায়িত্ব পালন করেন।











