ঝিকরগাছায় ৪ হাজার ১১৮ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ
সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১১৮ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম. সাইফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষিতে উৎপাদন ও সমৃদ্ধি বাড়াতে সরকার বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে অধিক ফলন অর্জন সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী তারিক মোহাম্মদ শরীফ ও প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফিরোজ হোসেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাঈম হাসান ও মো. এহসান হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৪ হাজার ৮ জন সরিষাচাষিকে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১১০ জন মসুরচাষিকে প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করাই এ কর্মসূচির লক্ষ্য।






